সরবরাহ কম, নতুন বই পাচ্ছে না ১৮০০ শিক্ষার্থী
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ষষ্ঠ শ্রেণীর এক হাজারের বেশি ও সপ্তম শ্রেণীর ৮০০ শিক্ষার্থী এ বছর নতুন বই পাচ্ছে না। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এ সংকটের সৃষ্টি হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, উপজেলার ১৩০টি প্রাথমিক বিদ্যালয় থেকে এ বছর ছয় হাজার ৩৭৪ জনের মধ্যে পাঁচ হাজার ৯৩২ জন পরীক্ষার্থী সমাপনী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে পাঁচ হাজার ৭২৫ জন কৃতকার্য হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, ষষ্ঠ শ্রেণীর জন্য ছয় হাজার ও সপ্তম শ্রেণীর জন্য পাঁচ হাজার সেট নতুন বই চেয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের মাধ্যমে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে চাহিদাপত্র পাঠানো হয়। চাহিদার অনুকূলে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য চার হাজার ৭০০ সেট এবং সপ্তম শ্রেণীর জন্য চার হাজার ২০০ সেট নতুন বই বরাদ্দ দেওয়া হয়। উপজেলা সদরের বাঞ্ছারামপুর বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম বলেন, ‘ষষ্ঠ শ্রেণীর জন্য ৩৭০ সেট নতুন বইয়ের চাহিদা দিয়ে ৩০০ সেট পেয়েছি।’ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোকাররম হোসেন বলেন, ‘বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকেরা যে পরিমাণ চাহিদা পাঠিয়েছেন, তার চেয়ে ৫০-৬০ সেট কম বই দিয়েছি। চাহিদামতো দ্রুত বই পেতে জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়, আঞ্চলিক কার্যালয় কুমিল্লা, জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড এবং মহাপরিচালক বরাবরও লিখেছি। তাঁরা সমন্বয় করতে বলছেন। বই না পেলে কী দিয়ে সমন্বয় করব?’জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুবোধ চন্দ্র চৌধুরী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘জেলার সব কটি উপজেলায় খোঁজ নিয়ে দেখছি, কোথাও বই বেশি বরাদ্দ গেছে কি না। কোনো উপজেলায় বেশি বই গেলে তার সঙ্গে সমন্বয় করতে হবে। অন্যথায় আঞ্চলিক কার্যালয় কুমিল্লার সঙ্গে যোগাযোগ করে সমন্বয় করতে হবে।’