সরবরাহ কম দাম বাড়ছে নিত্যপণ্যের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালে যানবাহন চলাচল বন্ধ থাকায় বাজারে নিত্যপণ্যের সরবরাহ কমে গেছে; যার প্রভাব পড়েছে দামে।
বিক্রেতারা কল্পনাতীত দাম হাঁকছেন বলে অভিযোগ ক্রেতাদের। শাকসবজি থেকে শুরু করে চালের বাজারেও এর প্রভাব পড়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে চালের দাম মণপ্রতি বেড়েছে ৫০ টাকা থেকে শুরু ১৫০ টাকা পর্যন্ত।
চাক্তাই চাল ব্যবসায়ী সমিতির সভাপতি ওমর আজম প্রথম আলোকে বলেন, ‘মৌসুমের শেষ সময় হিসাবে এ সময়ে স্বাভাবিক নিয়মে চালের দাম বাড়ার কথা। কিন্তু গত কয়েক দিনের হরতালের কারণে সেই দাম বেড়েছে অত্যধিক হারে। পরিবহন-সংকট, গাড়ি ভাড়া বেড়ে যাওয়ার কারণে বাড়তি ভাড়া যোগ হচ্ছে। তা ছাড়া সরবরাহ না থাকায় বর্তমানে সব ব্যবসায়ীই বলতে গেলে মজুতসংকটে পড়েছেন।’
গতকাল মঙ্গলবার নগরের রিয়াজ উদ্দিন বাজার, পাহাড়তলী বাজার, চৌমুহনী কর্ণফুলী বাজার ঘুরে দেখা যায়, সবজির দাম আকাশছোঁয়া। ইতিমধ্যে শীতের সবজিতে প্রায় বাজার ভরে গেলেও সরবরাহ না থাকায় ফুলকপি-বাঁধাকপির কোনো হদিস পাওয়া যায়নি।