সরবরাহ বাড়ছে, কমছে ধানের দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশাখ মাস শুরুর কয়েক দিন আগ থেকে বৃহত্তর ময়মনসিংহ ও সিলেট জেলার হাওরে ধান কাটা শুরু হয়েছে। আর নববর্ষের প্রথম দিন থেকে হাওরের সবচেয়ে বড় মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নতুন ধান উঠতে শুরু করে। ভৈরব মোকামেও একই চিত্র। প্রতিদিনই ধানের সরবরাহ বাড়ছে, পাল্লা দিয়ে দরও পড়ে যাচ্ছে। ফলে কৃষকের মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট হচ্ছে। বাড়তি দুশ্চিন্তায় ফেলেছে হরতাল আর রাজনৈতিক অস্থিরতা। গতকাল মঙ্গলবার বিআর ২৮ জাতের ধান মণপ্রতি ৪৯০ থেকে ৫১০ টাকায় ওঠানামা করেছে। অথচ এক সপ্তাহ আগে ওই ধান ৫৬০ থেকে ৫৮০ টাকায় বিক্রয় হয়েছিল।জানা যায়, নেত্রকোনা, কিশোরগঞ্জের ইটনা, নিকলী, মিঠামইন ও অষ্টগ্রাম, সুনামগঞ্জের দিরাই, হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের প্রায় ৯০ শতাংশ ধান কেনাবেচা হয় আশুগঞ্জ ও ভৈরব মোকামে। ধান আসে নদীপথে, ট্রলারযোগে। হাওরে এখন পুরোদমে ধান কাটা শুরু হয়েছে। ধারণা মতে, গতকাল শুধু আশুগঞ্জ মোকামে ধানের আমদানি ছিল প্রায় এক লাখ মণ, ভৈরব মোকামে ৪০ হাজার মণ।কৃষকেরা জানান, এবার ধানের রোপণ থেকে শুরু করে সবকিছু ঠিকঠাকমতো এগিয়েছে। গড় ফলনও বেশ ভালো। সমস্যা কেবল দাম নিয়ে। গতকাল আশুগঞ্জ মোকামে গিয়ে দেখা যায়, ঘাটে ধানবোঝাই ট্রলারের জট। ট্রলারে রেখে মাপা হচ্ছে। আবার মাপা শেষে তা ডাঙায় তোলা হচ্ছে। ঘাট থেকে হাতবদল হয়ে ধান চলে যাচ্ছে চালকলগুলোতে। সুনামগঞ্জের শাল্লার হাফিজ বেপারী বলেন, ‘ডেলি (প্রতিদিন) দাম কমতাছে। আল্লাহ জানে, কই গিয়া থামে। এভাবে কমতে থাকলে কৃষক মরব, আমরার মেঘনায় ঝাঁপ দিতে হইব।’ কিশোরগঞ্জের নিকলী বড় হাওরের কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘এবার একরপ্রতি ধান ফলাইতে খরচ হইছে ৪০ হাজার টাকা। আজ যে মূল্য পাইলাম, ওই হিসাব করলে একরপ্রতি পাঁচ হাজার টাকা লস হইব। আর একটু কমলে ঠাইট মরুম।’ ব্যবসায়ীরা জানান, ধানের চাষ করে লাভ নেই, কৃষকদের মধ্যে এমন ধারণা পেয়ে বসলে বড় ক্ষতি হয়ে যাবে। তখন জোর করেও তাঁদের আর ধান চাষে আগ্রহী করা যাবে না। এ কারণে সরকারের উচিত ধানের বাজার আর যেন নিচে না নামে, সেদিকে খেয়াল রাখা। মিলের মালিকেরা জানিয়েছেন, আকাশে রোদ না থাকলে সমস্যা। তার চেয়ে বড় সমস্যা হরতাল। আশুগঞ্জের যাত্রাপুর গ্রামের একটি মিলের মালিকের প্রতিনিধি শামসু মিয়া বলেন, ‘দুই দিনের হরতালে এক ট্রাক চালও সরবরাহ দেওয়া যাবে না। সুতরাং, হরতালের দুই দিন উৎপাদন বন্ধ রাখতে হবে। ধান না কিনলে দর তো পড়বেই।’