চট্টগ্রামের বাজারে বেড়েই চলছে মুরগির দাম। মাস দেড়েকের ব্যবধানে কয়েক দফায় মুরগির দাম কেজিতে প্রায় ৪০ টাকা বেড়েছে। খুচরা বাজারে সয়াবিনের সরবরাহ সামান্য বেড়েছে। নগরের রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কম থাকায় এবং সামাজিক অনুষ্ঠান বেড়ে যাওয়ায় মুরগির দাম বাড়ছে। খামারমালিক ও বাচ্চা উৎপাদনকারীরা বলছেন, বিভিন্ন কারণে চট্টগ্রামে বেশ কিছু খামার বন্ধ থাকায় বাজারে মুরগির সরবরাহ কমে গেছে। গতকাল নগরের রিয়াজউদ্দিন বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ টাকায় বিক্রি হয়েছে। গত সপ্তাহে বাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজির দাম ছিল ১৫০ টাকা। চলতি মাসের প্রথম সপ্তাহে তা ছিল ১৪০ টাকা। গত এপ্রিলের মাঝামাঝি প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ছিল ১২৫ থেকে ১৩০ টাকা। গতকাল শনিবার লেয়ার মুরগির প্রতি কেজির দাম ছিল ১৯০ টাকা। ফার্মের মুরগির দাম বাড়ার প্রভাব পড়েছে দেশি মুরগির বাজারে। গতকাল প্রতি কেজি দেশি মুরগির দাম ছিল ৩০০ টাকা, যা গত সপ্তাহের তুলনায় কেজিতে ২০ টাকা বেশি। বাংলাদেশ পোলট্রি ব্রিডারস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক রকিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সারা দেশে এক সপ্তাহে ৯০ লাখ মুরগির চাহিদা রয়েছে। বর্তমানে প্রতি সপ্তাহে উৎপাদন ৬০ থেকে ৬৫ লাখ। রানীক্ষেতসহ নানা রোগের কারণে চট্টগ্রামে বেশ কিছু খামার বন্ধ হয়ে গেছে। উৎপাদন স্বাভাবিক পর্যায়ে আসতে আরও কিছুদিন সময় লাগবে।’ রকিবুর রহমান জানান, পাইকারিতে চলতি সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ১৫৫ টাকা। গত সপ্তাহে তা ছিল ১৩৫ টাকা। সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। এদিকে মুরগির দাম বাড়তে থাকায় মাংসের বাজারে এর প্রভাব পড়েছে। গতকাল শনিবার নগরের বাজারগুলোতে প্রতি কেজি গরুর মাংস (হাড় ছাড়া) ৩৪০ টাকা এবং (হাড়সহ) ২৬০ টাকায় বিক্রি হয়েছে। ছাগলের মাংস বিক্রি হয়েছে ৪২০ থেকে ৪৩০ টাকা কেজি দরে। বাজারে সয়াবিন তেলের সরবরাহ সামান্য বেড়েছে বলে ব্যবসায়ীরা জানান। গতকাল শনিবার নগরের খুচরা বাজারে পাঁচ লিটারের রূপচাঁদা বিক্রি হয়েছে ৬৬০ টাকায়। অন্যান্য ব্র্যান্ডের তেল রূপচাঁদার চেয়ে ১০ থেকে ১৫ টাকা কম দরে বিক্রি হয়েছে। গত সপ্তাহে পাঁচ লিটারের রূপচাঁদা বিক্রি হয়েছে ৬৭০ টাকা করে। রিয়াজউদ্দিন বাজারের কামাল স্টোরের বিক্রেতা কবির হোসেন বলেন, ‘বাজারে এখনো সয়াবিন তেলের সরবরাহ সামান্য বেড়েছে, যা পর্যাপ্ত নয়। তাই দাম কমছে না।’ বাজার ঘুরে দেখা গেছে, পেঁয়াজের দাম কমেছে। গতকাল প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ১৮ টাকায়। গত সপ্তাহে তা ছিল ২২ টাকা। দেশি পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হয়েছে ৩০ টাকা দরে। রিয়াজউদ্দিন বাজারে গতকাল প্রতি কেজি আলু ২০, দেশি আলু (ছোট আকৃতির লালচে) ৩০, পটোল ৩০, বরবটি ৩০, মিষ্টিকুমড়া ১৫, ঢ্যাঁড়স ৩০, বেগুন ৩০, ঝিঙে ৪৫, করলা ২৫, কাঁকরোল ৫০, শসা (বড়) ২২, মূলা ৩৬, টমেটো ৩০, ধনেপাতা ১৫০ ও কাঁচামরিচ ৩০ টাকা দরে বিক্রি হয়েছে। মাছের বাজারে আবার বেড়েছে ইলিশের দাম। গতকাল নগরের বাজারগুলোতে প্রতি কেজি ইলিশের দাম ছিল (আকার ভেদে) ৮০০ থেকে এক হাজার ৮০০ টাকা। গত সপ্তাহে ইলিশ প্রতি কেজি বিক্রি হয়েছিল ৭০০ থেকে এক হাজার ২০০ টাকায়। কমছে রূপচাঁদা মাছের দাম। গতকাল প্রতি কেজি রূপচাঁদা বিক্রি হয়েছে (আকার ভেদে) ৫০০ থেকে ৬০০ টাকায়। এ ছাড়া তেলাপিয়া ১২০ থেকে ১৪০, লইট্টা ৮০ থেকে ১০০, কোরাল (বড়) ৩৫০, রুই (আকার ভেদে) ১৮০ থেকে ২৪০, চিংড়ি (ছোট) ২৮০ থেকে ৩২০, কই মাছ (ছোট) ২৮০, শিং মাছ ৬০০ ও মাগুর মাছ ৭০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।