সরবরাহ ভালো, বিক্রি কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাটে গরুর সংখ্যা বেশ ভালো। নানান রঙের দেশি, বিদেশি ও মিশ্র জাতের গরু আছে। ছয় লাখ টাকার গরু আছে। হাটে লোকজনের উপস্থিতি কম নয়। উৎসাহ-আগ্রহ নিয়ে দর-কষাকষিও চলছে। তবে বিক্রি কম।

গতকাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত খুলনার সবচেয়ে বড় পশুর হাট নগরের জোড়াগেট এলাকার পশুর হাট ঘুরে এই দৃশ্য চোখে পড়েছে। বিক্রেতারা বলছেন, হাটে গরুর সংখ্যা যথেষ্ট। তবে খুলনা শহরবাসী কয়েক দিন ধরে গরু দেখলেও মূলত কেনেন ঈদের আগের দুদিন। কাজেই রবি ও সোমবার সবচেয়ে বেশি বিক্রি হবে। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল, এখানে গড়ে ৪০ হাজার থেকে ছয় লাখ টাকা দামের গরু আছে, যার বেশির ভাগই এসেছে নড়াইলের কালিয়া থেকে। গতকাল বিকেলেও বেশ কিছু বড় আকারের গরু হাটে এসেছে।

এদিকে পশুর হাটকে কেন্দ্র করে জমে উঠছে মৌসুমি নানা ব্যবসা। হাটের পাশে দেদার বিক্রি হচ্ছে চাটাই, টুকরি, গাছের গুঁড়ি, পশুখাদ্য, খড়, তাজা ঘাস, রঙিন কাগজ ও কাপড়ের মালা। পুরুষের পাশাপাশি স্থানীয় নারীরাও হাটের পাশে এসব বিক্রি করছেন। এমনই দুজন নারী আনু বেগম ও সুমনা খড় ও তাজা ঘাস বিক্রি করছিলেন। তাঁরা প্রথম আলোকে বলেন, বিক্রি ভালোই হচ্ছে। ধীরে ধীরে হাট জমছে, বিক্রিও বাড়ছে।

৫ সেপ্টেম্বর শুরু হয়েছে এই হাট। খুলনা সিটি করপোরেশন (কেসিসি) পরিচালিত এই হাটে গতকাল বিকেল চারটা পর্যন্ত ৫১৩টি গরু বিক্রি থেকে হাসিল আদায় হয়েছে ১১ লাখ ৭৫ হাজার টাকা।

নড়াইলের কালিয়ার আলামিন ব্যাপারী এখানে নয়টি গরু এনেছেন। এর মধ্যে কালাপাহাড় নামে ছয় লাখ টাকার একটি গরুও আছে। তিনি প্রথম আলোকে বলেন, ‘তিন দিন আগে হাটে এসেছি। এরই মধ্যে চারটি বিক্রি হয়েছে। কালাপাহাড়ের দাম সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত উঠেছে। সাড়ে চার লাখ টাকা হলে ছেড়ে দেব।’ তিনি বলেন, এবার বাজারে বড় গরুর চাহিদা কম। ৬০ হাজার থেকে ১ লাখ টাকা দামের গরুগুলোর চাহিদা বেশি।

কালিয়ার আরেক ব্যাপারী বাচ্চু মোল্লা বলেন, ‘নয়টা গরুর মধ্যে পাঁচটি বিক্রি করেছি। দেশি গরুর চাহিদা বেশি। দামও সহনীয়। কোনোমতে চালানটা বাঁচানো যাচ্ছে। তবে হাটে ভারতের গরু না থাকায় শেষ পর্যন্ত দাম একেবারে কমে যাবে না।’

নগরের খালিশপুর থেকে মোশারেফ নামে এক ব্যক্তি হাটে গরু কিনতে এসেছেন। তিনি বলেন, ‘একটা মাঝারি আকারের গরু কিনতে চাই। কিন্তু বিক্রেতারা ইচ্ছেমতো দাম চাচ্ছেন। এ রকম দাম চাইলে শেষ দিকে ধরা খাবেন তাঁরা।’

হাটের একজন ব্যাপারী জামাল শেখ বলেন, ‘১৮টা গরু এনেছি। এখন পর্যন্ত একটাও বিক্রি হয়নি। ক্রেতারা দাম কম বলছেন। আমার আশা, ঈদের আগের দুদিন ভালো দাম পাব।’

দুপুরের দিকে মধ্যবয়সী জামাল গাজী মাঝারি আকারের একটি দেশি গরু কিনে হাট থেকে বের হচ্ছিলেন। গরুর দাম কত নিয়েছে জানতে চাইলে, তিনি বলেন, ‘বিক্রেতা দাম চাইছিল ৭০ হাজার। শেষ পর্যন্ত ৪৯ হাজার টাকায় কিনেছি।’ গরুর পাশাপাশি এই হাটে ছাগলও বিক্রি হচ্ছে। সোহেল রহমান নামে এক ব্যক্তি সাড়ে ১০ হাজার টাকায় একটি খাসি কিনেছেন বলে জানালেন।

হাটের হাসিলঘরে দায়িত্ব পালন করছিলেন কেসিসির বিদ্যুৎ শাখার নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন শেখ। তিনি বলেন, গত শুক্রবার থেকে হাটে বেশ ভালো পরিমাণে গরু আসছে। নদীপথে আরও গরু আসবে। শনিবার বেলা চারটা পর্যন্ত ৫১৩টি গরু বিক্রি হয়েছে। গত বছরের এই একই সময়ে ২৬৩টি গরু বিক্রি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সাড়ে নয় হাজার গরু বিক্রি হয়েছিল। এই হাটের ক্রেতা-বিক্রেতা নির্দিষ্ট। সময়মতো ঠিকই বিক্রি বাড়বে।

কেসিসির বাজার সুপার গাজী সালাউদ্দীন বলেন, হাটের অর্ধেকের বেশি ইতিমধ্যেই গরুতে ভরে গেছে। নদীপথে গরু এলেও সড়কপথে সেভাবে গরু আসতে পারছে না। জেলার বিভিন্ন এলাকায় হাটের ওপর দিয়ে গরু আসতে বাধা দেওয়া হচ্ছে। এ ছাড়া উপজেলা পর্যায়ের হাটগুলো এখনো ভাঙেনি। তবে আজ থেকে এই পশুর হাট জমে উঠবে বলে তিনি আশা করেন।