
বাজারে গরুর সংখ্যা একবারে কম না। নানান রঙের দেশি, বিদেশি, মিশ্র প্রজাতির গরু আছে। ৫ লাখ টাকার গরুও আছে। লোকজনের উপস্থিতিও মন্দ নয়। উৎসাহ নিয়ে গরু দেখছেন ও দাম জানতে চাইছেন। কিন্তু বেশির ভাগই দাম শুনেই চলে যাচ্ছেন। ফলে বিক্রি খুব কম।
গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত জোড়াগেট এলাকায় খুলনা বিভাগের সবচেয়ে বড় ও নগরের একমাত্র পশুহাট ঘুরে এই দৃশ্য চোখে পড়েছে।
বিক্রেতারা বলছেন, বাজারে গরুর সংখ্যা একবারে কম না। তবে খুলনা শহরের লোকজন কয়েক দিন গরু দেখলেও কেনেন মূলত ঈদের আগের দুই দিন। কাজেই বৃহস্পতি ও শুক্রবার সবচেয়ে বেশি বিক্রি হবে।
বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল, গড়ে ৩৫ হাজার থেকে ৫ লাখ টাকার গরু আছে এবারের হাটে। এবার হাটে বড় গরুর সংখ্যাই বেশি। গরুগুলোর বেশির ভাগ নড়াইলের কালিয়া থেকে এসেছে। কিছু কিছু এসেছে খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর থেকে। গতকাল বিকেলেও বেশ কিছু বড় গরু হাটে এসেছে।
এদিকে পশুর হাটকে কেন্দ্র করে জমে উঠছে নানা মৌসুমি ব্যবসা। হাটের পাশে বিক্রি হচ্ছে গাছের গুঁড়ি, চাটাই, টুকরি, পশুখাদ্য, খড়, তাজা ঘাস, রঙিন কাগজ ও কাপড়ের মালা। পাশাপাশি রয়েছে অস্থায়ী খাবারের দোকান। পুরুষের পাশাপাশি স্থানীয় নারীরাও হাটের পাশে এসব বিক্রি করছেন। সিরাজুল ইসলাম নামের একজন মৌসুমি ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, বিক্রি ভালো না। তবে আস্তে আস্তে হাট জমছে, বিক্রিও বাড়ছে।
২৬ আগস্ট শুরু হয়েছে এই হাট। খুলনা সিটি করপোরেশন (কেসিসি) পরিচালিত এই হাটে গতকাল বুধবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত ১৩৬টি গরু বিক্রি থেকে হাসিল আদায় হয়েছে ২ লাখ ৯৩ হাজার টাকা।
কালিয়া থেকে হায়দার খোন্দকার ৬টি বড় গরু এবং সঙ্গে সাতজন দেখাশোনার লোক নিয়ে হাটে এসেছেন ছয় দিন আগে। গরুর পাশেই সবাই মিলে রান্না করে খাচ্ছেন। হতাশার সুরে বললেন, ‘কালাবাবু’ ও ‘ধলাবাবু’ নামের তাঁর দুটি গরুর একেকটির ১৫-১৬ মণ করে মাংস হবে। দাম চাচ্ছেন ৪ লাখ টাকা করে। কিন্তু ক্রেতাদের কোনো আগ্রহই নেই। দাম শুনে চলে যাচ্ছেন। আশা করেছিলেন বাড়িতে থাকা আরও ৫টি গরু হাটে আনবেন। কিন্তু গতকাল পর্যন্ত ১টিও বিক্রি না হওয়ায় হতাশ তিনি।
জনি শেখ ও মাহমুদ মোল্লাও কালিয়া থেকে ৮টি বড় গরু এনেছেন। এর মধ্যে ২টি গরুর দাম ৫ লাখ করে হেঁকেছেন। ২ লাখ ৮০ হাজার পর্যন্ত দাম উঠেছে। তাঁদের ১টি গরুও বিক্রি হয়নি।
কালিয়ার শেখ তসলিম ২টি বড় কালো রঙের গরু এনেছেন। বিশালদেহী গরু ২টির একেকটির দাম চাচ্ছেন ৫ লাখ টাকা। দাম উঠেছে ৩ লাখ। তিনি বলেন, গত বছর আলমডাঙ্গা থেকে ৪ লাখ টাকায় তিনি এ ২টি গরু কিনেছিলেন। প্রতিদিন এদের পেছনে প্রায় হাজার টাকা খরচ। এখন একেকটার মাংস হবে ২০ মণ করে। ৪ লাখ টাকা করে হলে ছেড়ে দেবেন।
নড়াইলের ব্যাপারী সরোয়ার বিশ্বাস হাটে ৪২টি গরু নিয়ে এসেছেন। ৩৫ হাজার থেকে শুরু করে সাড়ে ৩ লাখ টাকার গরু আছে তাঁর কাছে। এর মধ্যে ৭টি বিক্রি হয়েছে। তিনি বলেন, বড় গরুর চাহিদা কম। ৫০ হাজার টাকার নিচের দেশি গরুর চাহিদা এখন পর্যন্ত বেশি। তবে সময় পার হওয়ার সঙ্গে সঙ্গে হাট জমবে। আর হাটে ভারতীয় গরু না থাকায় শেষ পর্যন্ত দাম একেবারে পড়ে যাবে না।
নগরের নিরালা থেকে লুৎফর নামের একজন গরু কিনতে এসেছেন। বললেন, ‘একটা আকর্ষণীয় চেহারা মাঝারি আকারের গরু কিনতে চাই। কিন্তু বিক্রেতারা ইচ্ছেমতো দাম চাচ্ছেন।’
দুপুরের দিকে হাট থেকে মাঝবয়সী একজন লোক মাঝারি আকারের একটি দেশি গরু কিনে বের হচ্ছিলেন। নাম জানালেন হেলাল। গরুর দাম কত নিয়েছে, জানতে চাইলে বলেন, বিক্রেতা দাম চাইছিল ৭৫ হাজার। শেষ পর্যন্ত ৫৯ হাজার টাকায় কিনেছেন। গরুর পাশাপাশি এই হাটে ছাগলও বিক্রি হচ্ছে।
হাটের হাসিলঘরে দায়িত্বরত কেসিসির বিদ্যুৎ শাখার নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন শেখ বলেন, মানুষ হাটে আসছে, তবে দেখেশুনে ফিরে যাচ্ছে। গত বুধবার থেকে হাটে অনেক গরু আসছে। আজ নদী ও সড়কপথে আরও গরু আসবে। গতকাল বুধবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত ১৩৬টি পশু বিক্রি হয়েছে। গত বছরের ঈদের এ রকম দুই দিন আগে এ রকম সময় ১ হাজার ৪০১টি গরু বিক্রি হলেও শেষ পর্যন্ত প্রচুর গরু বিক্রি হয়েছিল। এই হাটের ক্রেতা-বিক্রেতা নির্দিষ্ট। সময়মতো ঠিকই বিক্রি বাড়বে।
কেসিসির বাজার সুপার গাজী সালাউদ্দীন প্রথম আলোকে বলেন, ‘নদীপথে গরু আসলেও সড়কপথে অনেক গরু আসতে পারছে না। জেলার বিভিন্ন হাটের ওপর দিয়ে গরু আসতে বাধা দেওয়া হচ্ছে বলে ব্যাপারীরা আমাদের জানাচ্ছেন। এ ছাড়া উপজেলা পর্যায়ের হাটগুলো এখনো ভাঙেনি। তবে বৃহস্পতিবার থেকে এখানেও হাট জমবে।’