সরবরাহ লাইনে বিপর্যয় রামগড় বিদ্যুৎহীন ৮৭ ঘণ্টা
সরবরাহ লাইনে বড় ধরনের বিপর্যয়ের ফলে খাগড়াছড়ির রামগড় উপজেলা গত সপ্তাহে ৮৭ ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎহীন ছিল। এতে চরম দুর্ভোগে পড়েন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তিন হাজার ৬০০ গ্রাহকসহ সংশ্লিষ্টরা। সংশ্লিষ্ট এলাকাগুলোতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।দীর্ঘ বিদ্যুৎবিভ্রাটে বিক্ষুব্ধ গ্রাহকেরা পিডিবির সংশ্লিষ্ট কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অদক্ষতা ও পারস্পরিক সমন্বয়হীনতাকে দায়ী করেন। স্থানীয় সূত্র জানায়, রামগড়ের বিভিন্ন এলাকায় গত শুক্রবার (৬ এপ্রিল) বেলা ১১টা থেকে বুধবার রাত আটটা পর্যন্ত তিন দফায় ৮৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। রামগড়বাসী প্রথমে টানা ৬০ ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় কাটানোর পর সোমবার রাত ১১টায় বিদ্যুৎ আসে। পরদিন মঙ্গলবার সকাল ১০টা থেকে আবারও টানা ১৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এরপর বুধবার সকাল সাতটা থেকে টানা ১৩ ঘণ্টা বিদ্যুৎ ছিল না। রামগড় বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মোস্তফা কামাল বলেন, ‘কালবৈশাখীর ফলে সরবরাহ লাইনে ত্রুটি দেখা দেয়। ঝোড়ো হাওয়ার মধ্যে প্রতিটি বিদ্যুতের খুঁটির সংযোগ পরীক্ষা-নিরীক্ষা করে ত্রুটি খুঁজে বের করতে অনেক সময় লেগে যায়। একদিকে ঠিক হলে অন্যদিকে ত্রুটি ধরা পড়ে। রামগড় এলাকায় ঝড়ে গাছ ভেঙে পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। স্থায়ী সমাধানের জন্য বিদ্যুৎ বিভাগের লোকজন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।’ রামগড়ে এ ধরনের বিদ্যুৎবিভ্রাট সচরাচর হয় না বলে উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোপাল চন্দ্র দাস বলেন, বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও ওই সময় সরবরাহ চালু করা সম্ভব হয়নি। এই বিপর্যয়ে পিডিবির তদারকি ব্যবস্থাপনায় দুর্বলতা প্রকটভাবে ধরা পড়েছে।