সরবরাহে ঘাটতি, দাম বেড়েছে পেঁয়াজ, কাঁচা মরিচ ও ডিমের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের ছুটির আমেজ রয়ে গেছে চট্টগ্রামের কাঁচা বাজারে। বাজারের লোকজন আসেনি সবাই। স্বাভাবিক হয়নি যানবাহন চলাচলও। ফলে সরবরাহ ঘাটতির কারণেই ঈদের পরে হঠাৎ করে পেঁয়াজ, কাঁচা মরিচ ও ডিমের দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
গতকাল শনিবার নগরের অন্যতম পাইকারি বিপণি রিয়াজ উদ্দিন বাজার, খাতুনগঞ্জ ও পাহাড়তলী বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।
রিয়াজ উদ্দিন বাজারের কাঁচা বাজারে আলী হোসেন নামে এক ক্রেতা ক্ষোভ জানিয়ে বলেন, ‘ব্যবসায়ীদের অজুহাতের শেষ নেই। ঈদ পেরিয়েছে এক সপ্তাহের বেশি সময় আগে। এখনো সরবরাহ ঘাটতির দোহাই দিয়ে বাড়তি দাম হাঁকছে তারা।’
বাজারের খুচরা দোকানে গতকাল পেঁয়াজ বিক্রি হয়েছে ৪২ থেকে ৪৫ টাকা দরে। অথচ ঈদের আগে পেঁয়াজের দাম ছিল কেজিপ্রতি ৩০-৩৫ টাকা। বেড়েছে আদার দামও। চীন থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে ২০০-২৫০ টাকা কেজিতে। মিয়ানমারের আদার দাম রাখা হয়েছে ১৮০-১৪৫ টাকা এবং দেশি আদা বিক্রি হয়েছে ২০০-২২০ টাকায়।
পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার কারণ হিসেবে সরবরাহ ঘাটতির কথা বলছেন ব্যবসায়ীরা। ঈদের পরে পাইকারি দোকানিরা নতুন করে পেঁয়াজ সংগ্রহ করেননি। তা ছাড়া ভারত থেকেও পেঁয়াজ আসছে না পর্যাপ্ত পরিমাণে।
চাক্তাই পাইকারি বাজারের ব্যবসায়ী মো. গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আগামী সপ্তাহের মধ্যে বাজার স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছি। চীন ও পাকিস্তান থেকেও জাহাজে পেঁয়াজ আসছে। ভারত থেকেও ইতিমধ্যে পেঁয়াজ আসা শুরু হয়ে যাবে।’ তখন ক্রেতারা আগের দামেই (৩০ টাকা) পেঁয়াজ কিনতে পারবেন বলে এই ব্যবসায়ী আশ্বস্ত করেন।
আদার ব্যাপারে গিয়াস উদ্দিন বলেন, চীনে বর্তমানে আদার দাম বেড়ে গেছে। এ কারণেই স্থানীয় বাজারে দাম বেড়েছে।
এদিকে ঈদের পরে ডিমের দাম বাড়তে থাকে। ৮০-৮৫ টাকা ডজনের ডিমের দাম এক লাফে ৯০-৯৫ টাকায় গিয়ে ঠেকে। গতকাল বাজারে এক ডজন ফার্মের ডিমের দাম হাঁকা হয়েছে ৯৯-১০০ টাকা।
এ ব্যাপারে খাতুনগঞ্জ ডিম আড়তদার সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ বলেন, ‘ঈদের কারণে এখনো আমাদের লোকজন সবাই বাড়ি থেকে ফেরেনি। ফলে খামার থেকে ডিম সংগ্রহে সমস্যা হচ্ছে। তা ছাড়া যানবাহন চলাচলও স্বাভাবিক হয়নি। এসব কারণে ডিমের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। কয়েক দিনের মধ্যে আবার স্বাভাবিক হয়ে যাবে।’
ঈদের পরে কাঁচা বাজারে হঠাৎ করেই কাঁচা মরিচের ঝাঁজ বাড়তে শুরু করে। গতকালের বাজারে কাঁচা মরিচ প্রতি কেজি বিক্রি হয়েছে ১১৫-১২০ টাকা দরে। আর পাইকারি দোকানে দাম ছিল ১১০-১১২ টাকা কেজি। ঈদের আগে প্রতি কেজির দাম ছিল ৬০-৮০ টাকা কেজি।
দাম বাড়ার কারণ হিসেবে সরবরাহ ঘাটতির কথা বলেছেন পাহাড়তলী বাজারের ব্যবসায়ী বেলাল হোসেন। তিনি বলেন, ‘আমাদের এখানে যশোর, মাগুরা, ঝিনাইদহ থেকেই বেশির ভাগ কাঁচা মরিচ আসে। কিন্তু ঈদের পর থেকে সরবরাহ কম, পণ্যবাহী গাড়িও আসছে কম।’