সরবরাহে ঘাটতি নেই, তবে সুযোগ নেওয়ার আশঙ্কা

ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে পবিত্র রমজান মাসে যেসব নিত্যপণ্যের চাহিদা বাড়ে, সেগুলোর আমদানি বেড়েছে। ফলে রোজায় সরবরাহে ঘাটতির আশঙ্কা নেই। তবে দুশ্চিন্তার কারণ দাম।

কারণ দুটি। প্রথমত, বিশ্ববাজার থেকে পণ্য আমদানি হয়েছে আগের চেয়ে বেশি দামে। বাজারে অবশ্য সে অনুযায়ী দামও বেড়ে গেছে। দ্বিতীয় কারণ হলো বিশ্ববাজার আরও ঊর্ধ্বমুখী। দেশে এই বেড়ে যাওয়া দামের পণ্য না এলেও অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিতে পারেন বলে আশঙ্কা রয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, রোজায় আর যাতে দাম না বাড়ে, সেটা নিশ্চিত করার দায়িত্ব সরকারের।

ছোলার উদারণটি দিয়েই পরিস্থিতি বোঝা যাক। গত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে দেশে ছোলা আমদানি হয়েছে ১ লাখ ৩২ হাজার টন, যা গত বছরের চেয়ে দুই হাজার টন কম। যদিও চলতি মাসের প্রথম সপ্তাহে এসেছে আরও প্রায় ২৮ হাজার টন ছোলা। ব্যবসায়ীরা বলছেন, সব মিলিয়ে রোজার বাজারে ছোলার সরবরাহ যথেষ্ট।

কাস্টমস সূত্র জানায়, চলতি মার্চের প্রথম সপ্তাহে খালাস হওয়া প্রতি কেজি ছোলার গড় দাম পড়েছে ৫৫ টাকা, যা আগের দুই মাসের তুলনায় কেজিপ্রতি মাত্র ১ টাকা বেশি। সরকারি সংস্থা টেড্রিং করপোরেশন বাংলাদেশ (টিসিবি) বলছে, বাজারে এখন সাধারণ ছোলা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭০ টাকায়। একটু ভালো ছোলা বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে, যা এক সপ্তাহ আগে ছিল ৭৫ টাকা।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, যেহেতু আমদানি মূল্য তেমন বাড়েনি, বাজারে রোজায় ছোলার দাম আর বাড়ার কারণ নেই। অবশ্য প্রতিবছরই দেখা যায়, রোজার কেনাকাটা শুরু হলে দাম বেড়ে যায়।

বাজার দর

ডালসহ বিভিন্ন খাদ্যপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান চট্টগ্রামের বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী প্রথম আলোকে বলেন, রাশিয়া-ইউক্রেন অর্থাৎ কৃষ্ণসাগর অঞ্চল থেকে যেসব পণ্য আমদানি হয়, সেগুলো বাদে রোজার পণ্যের সংকট হওয়ার কথা নয়। সরবরাহসংকট না হলে পণ্যের দামেও অস্থিরতা থাকে না।

সরবরাহ ও মূল্য পরিস্থিতি

দেশে ১৮ মার্চ পবিত্র শবে বরাতের পর রোজার নিত্যপণ্যের মূল বেচাকেনা শুরু হবে। সাধারণত রোজা উপলক্ষে যেসব পণ্য বেচাকেনা হয়, তা আমদানি হয় এর আগের দুই থেকে আড়াই মাসে।

দেশের সব সমুদ্রবন্দর ও স্থলবন্দরের আমদানির তথ্য অনুযায়ী, গত বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের তুলনায় এ বছর একই সময়ে সয়াবিন তেল, পামতেল, সয়াবীজ, গম, চিনি, মসুর ডাল ও পেঁয়াজের আমদানি বেড়েছে।

আমদানি সবচেয়ে বেশি বেড়েছে মসুর ডালের। গতবারের তুলনায় এ বছর জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে মসুর ডালের আমদানি ৫০ হাজার টন বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩২ হাজার টন। সেই সঙ্গে বেড়েছে আমদানি মূল্যও। গত বছর খোসাসহ মসুর ডালের আমদানি মূল্য ছিল গড়ে কেজিপ্রতি ৪৯ টাকা। এবার এক লাফে কেজিপ্রতি ২৭ টাকা বেড়ে হয়েছে ৭৬ টাকা। অবশ্য মার্চে আসা নতুন চালানের আমদানি মূল্য আরও বেড়ে প্রতি কেজি গড়ে ৮১ টাকায় দাঁড়িয়েছে।

সব মিলিয়ে গত বছরের চেয়ে এ বছর মসুর ডালের গড় আমদানি মূল্য কেজিপ্রতি ৩২ টাকা বেড়েছে। বিপরীতে বাজারেও দাম প্রায় একই হারে বেড়েছে। খুচরা বাজারে বড় ও মাঝারি দানার মসুর ডাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৯৫ থেকে ১১৫ টাকা দরে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিশ্ববাজারের কারণে দাম যা বাড়ার, তা ইতিমধ্যে বেড়ে গেছে। নতুন করে বাড়ার কারণ নেই।

রোজায় মটর ডালের চাহিদাও বাড়ে। গত জানুয়ারি থেকে মার্চের প্রথম সপ্তাহে দেড় লাখ টন মটর ডাল আমদানি করা হয়েছে, যা চাহিদার তুলনায় বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত বছরের তুলনায় এ বছরের প্রথম দুই মাসে মটর ডালের আমদানি মূল্য ৭ টাকার মতো বেড়ে গড়ে কেজি ৩৭ টাকায় দাঁড়িয়েছে। বিপরীতে বাজারে দাম ইতিমধ্যে ১০ টাকা বেড়েছে। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকা দরে।

দেশে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে অপরিশোধিত চিনি আমদানি হয়েছে ৪ লাখ ৮৮ হাজার টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২ লাখ ৬০ হাজার টন বেশি। অপরিশোধিত চিনির আমদানি মূল্য প্রতি কেজি গড়ে ১১ টাকা বেড়ে প্রায় ৩৯ টাকা দাঁড়িয়েছে। প্রতি কেজিতে শুল্ক–কর দিতে হয়েছে ১৯ টাকা। এরপর পরিশোধন খরচ ও বাজারজাতকরণের ব্যয় রয়েছে।

খুচরা বাজারে এখন চিনির দাম কেজি ৭৮ থেকে ৮০ টাকা, যা গত বছরের চেয়ে ১০ থেকে ১৩ টাকা বেশি। যদিও সরকার চিনিতে ১০ শতাংশ শুল্কছাড় দিয়েছে।

দেশে গত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে সয়াবিন ও পাম তেল মিলিয়ে ভোজ্যতেল আমদানি হয়েছে ৩ লাখ ৮৮ হাজার টন, যা গত বছরের একই সময়ের চেয়ে ৬০ হাজার টন বেশি। সয়াবিন তেল উৎপাদনের কাঁচামাল সয়াবীজও ৩৯ হাজার টন বেশি আমদানি হয়েছে। ফলে ভোজ্যতেলের সরবরাহ নিয়েও সংকটের আশঙ্কা নেই। বিশ্লেষণে দেখা যায়, গত বছরের তুলনায় এ বছর সয়াবিন তেলের গড় আমদানি মূল্য বেড়েছে লিটারপ্রতি ৩৯ টাকা। বিপরীতে এক বছরে খুচরা বাজারে খোলা সয়াবিনের দাম বেড়েছে লিটারপ্রতি প্রায় ৫৪ থেকে ৫৫ টাকা। আর বোতলের তেলের দাম বেড়েছে লিটারে ৩০ থেকে ৩৫ টাকা। বাজারে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ১৬৫ থেকে ১৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।

দুই মাসের হিসাবে গত বছরের তুলনায় পাম তেলের আমদানি মূল্য বেড়েছে লিটারপ্রতি ৩২ টাকা। বাজারে দাম বেড়েছে ৫০ টাকার বেশি। এক সপ্তাহ আগে বিক্রি হয়েছে লিটারপ্রতি ১৫৩ থেকে ১৬৫ টাকায়। এখন খোলা সয়াবিন ও পাম তেল পাওয়া যাচ্ছে না বলে বাজারদরের তালিকায় উল্লেখ করছে টিসিবি।

ভোজ্যতেল আমদানিতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান টি কে গ্রুপের পরিচালক মোহাম্মদ মোস্তফা হায়দার প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববাজারে দাম বাড়লেও আমরা আমদানি বন্ধ করিনি। আমদানি মূল্য দেখে সরকারের দাম নির্ধারণ করা উচিত। তাহলে সামনে আমদানি কমবে না।’

দেশীয় পেঁয়াজের নতুন মৌসুম শুরু হবে রোজার আগে। গত জানুয়ারি-ফেব্রুয়ারিতে আগের বছরের একই সময়ের তুলনায় আমদানিও দ্বিগুণ হয়েছে, পরিমাণ দাঁড়িয়েছে ৮৩ হাজার টন। বেড়েছে গম আমদানিও। চলতি বছরের প্রথম দুই মাসে ১০ লাখ টন গম আমদানি হয়েছে। ফলে গমের ঘাটতিও হবে না বলে দাবি করছেন ব্যবসায়ীরা।

তবুও দুশ্চিন্তা

গত কয়েক বছরের অভিজ্ঞতার কথা উল্লেখ করে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পবিত্র রমজান মাসের কেনাবেচা শুরু হলে ব্যবসায়ীরা বাড়তি চাহিদার সুযোগ নিয়ে দাম বাড়িয়ে দেন। এবার যেহেতু রোজা উপলক্ষে পণ্য দেশে আসার পর বিশ্ববাজারে দাম আরও বেড়েছে, সেহেতু সেই সুযোগ নেওয়ার আশঙ্কা থাকে। তার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বিশ্ববাজার পরিস্থিতির কারণে মানুষের মধ্যে সরবরাহ ঘাটতির আতঙ্ক তৈরি হতে পারে।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, বিশ্ববাজারে দাম বাড়তির দিকে থাকলে পণ্য ধরে রাখার প্রবণতা তৈরি হয়। তখন দামের ওপর প্রভাব পড়ে। সরকার প্রতিনিয়ত কোন পণ্যের মজুত কেমন, সরবরাহ কেমন, আমদানি মূল্য কত—তা জানিয়ে দিতে পারে। এতে ভোক্তারা যেমন আতঙ্কের কেনাকাটা করবেন না, তেমনি ব্যবসায়ী পর্যায়েও ধরে রাখার প্রবণতা থাকবে না। তিনি বলেন, স্থানীয় বাজার থেকে সংগ্রহ না করে সরকারি প্রতিষ্ঠান নিজেরাই কিছু পণ্য আমদানি করতে পারে। এসব করা গেলে দাম নিয়ে শঙ্কা থাকবে না।