
পোস্টার, ব্যানার, প্রচারকেন্দ্রের সংখ্যা কিংবা গণসংযোগ—সব ক্ষেত্রেই আওয়ামী লীগের প্রার্থী সাদেক খানের কর্মী–সমর্থকদের দাপট। গতকাল বৃহস্পতিবার সব মিলিয়ে হাজারখানেক ট্রাক, মিনিট্রাক, পিকআপ ভ্যান, ছাদখোলা গাড়ি, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল শোভাযাত্রায় এই দাপট পেল আলাদা মাত্রা। বিপরীতে গোটা নির্বাচনী এলাকায় ধানের শীষের পোস্টার নেই বললেই চলে। একমাত্র প্রচারকেন্দ্রটিও বন্ধ। আক্রান্ত হওয়ার ভয়ে সীমিতসংখ্যক কর্মী–সমর্থক নিয়ে বিএনপির প্রার্থী আবদুস সালাম গতকালও গণসংযোগ করেছেন অনেকটা লুকিয়ে, আগাম জানান না দিয়ে।
ঢাকা–১৩ আসনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচার কার্যক্রম ছিল এমনটাই।
মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগরের ৭টি ওয়ার্ড নিয়ে ঢাকা-১৩ আসন। ২০০১ সালে এই আসন থেকে বিজয়ী হয়েছিলেন বিএনপির জিয়াউর রহমান খান। ২০০৮ ও ২০১৪ সালে আসনটি থেকে বিজয়ী হন আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির নানক। এবার দল থেকে মনোনয়ন পেয়ে নির্বাচন করছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান। বিএনপির আবদুস সালাম ছাড়া এই আসনের অন্য প্রার্থীরা হলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির খান আহসান হাবিব (কাস্তে), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের দুলাল কান্তি লালা (টেলিভিশন), ইসলামী ফ্রন্টের আব্দুল হাকিম (মোমবাতি), তরীকত ফেডারেশনের কামরুল আহসান (ফুলের মালা), প্রগতিশীল গণতান্ত্রিক দলের জিয়াদুল করিম (বাঘ), বিকল্পধারা বাংলাদেশের মাহবুবুর রহমান (কুলা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মুরাদ হোসেন (হাতপাখা) ও জাতীয় পার্টির শফিকুল ইসলাম (লাঙ্গল)।
গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এই নির্বাচনী এলাকার মোহাম্মদপুর বাসস্ট্যান্ডসহ প্রধান প্রধান সড়ক, শ্যামলী, আদাবর, শেখেরটেক, রায়েরবাজার, জেনেভা ক্যাম্প, কাটাসুরসহ কয়েকটি এলাকা ঘুরে সবখানেই নৌকার আধিপত্য চোখে পড়ে। তবে কিছু জায়গায় হাতপাখা, কাস্তে ও লাঙ্গল প্রতীকের পোস্টার দেখা গেছে।
গতকাল আওয়ামী লীগের প্রার্থী সাদেক খানের মোটর শোভাযাত্রাটি শুরু হয় বেলা আড়াইটার পর রায়েরবাজার বৈশাখী খেলার মাঠ থেকে। শোভাযাত্রায় হাজারখানেক ট্রাক, পিকআপ, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে চড়ে বসা আরোহীদের পাশাপাশি হেঁটে চলা মানুষের সংখ্যাও ছিল অগুণতি। এর সঙ্গে পথে পথে বিভিন্ন ইউনিটের কর্মী–সমর্থকেরা যোগ দিলে শোভাযাত্রার দৈর্ঘ্য দুই কিলোমিটার ছাড়িয়ে যায়। বৈশাখী খেলার মাঠ থেকে শোভাযাত্রাটি কাটাসুর হয়ে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড পর্যন্ত পৌঁছাতে শুরু হয় তীব্র যানজট। এ সময় পুলিশ এক পাশের সড়ক বন্ধ রেখে শোভাযাত্রাটি বের হওয়ার পথ করে দেয়। পরে শোভাযাত্রাটি টাউনহল মার্কেটের সামনে থেকে আসাদ গেট হয়ে মিরপুর রোড ধরে সোহরাওয়ার্দী হাসপাতালের বিপরীত পাশে জেনেভা ক্যাম্পমুখী সড়ক ধরে চলে যায়। পুরো সময় প্রার্থী সাদেক খান একটা ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে দুই হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানাতে থাকেন। শোভাযাত্রার ট্রাকগুলোতে উচ্চ স্বরে ভোটের গান বাজানোর পাশাপাশি চলতে থাকে বাউল গান। অংশগ্রহণকারী নারী–পুরুষ ও শিশুদের পরনে ছিল বর্ণিল পোশাক, হাতে নৌকার প্রতিকৃতি।
বিপরীতে এদিন বিএনপির প্রার্থী আবদুস সালাম প্রচারণা চালিয়েছেন অনেকটা নিভৃতে। অল্পসংখ্যক নেতা–কর্মীকে নিয়ে তিনি এ দিন শ্যামলী, বাবর রোড, জহুরী মহল্লাসহ মোহাম্মদপুরের কয়েকটি এলাকায় গণসংযোগ চালান। তিনি বলেন, ‘এত দিন আমরা মাঠে নামতে পারিনি। ভোটের আগে বাকি দুটো দিন যেন আমাদের কেউ বাধা না দেয়। বুধবার আমি কর্মী–সমর্থকদের বাদ দিয়ে সাধারণ শ্রমিকদের পাঠিয়েছি পোস্টার লাগাতে। তাঁদেরও পুলিশ পোস্টারসহ ধরে নিয়ে গেছে।’ ভোটারদের উদ্দেশে এই প্রার্থীর বক্তব্য, ‘প্রচারণার ক্ষেত্রে ১০ শতাংশ সুযোগও আমরা পাইনি। আমি ব্যক্তিগতভাবে কিংবা আমার নেতা–কর্মীরা বেশির ভাগ ভোটারদের কাছে পৌঁছাতে পারিনি। কিন্তু আমার অনুরোধ, ভোটের অধিকার রক্ষার জন্য হলেও সবাই যেন নিজ তাগিদে ভোটকেন্দ্রে যান।’