সরষেতেই ভূত!
হয়রানিমূলক মামলা দিয়ে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষিকাকে হেনস্তা করার অভিযোগে সংস্থার সাবেক এক কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান আজ বুধবার প্রথম আলোকে এ কথা জানিয়েছেন।
দুদক চেয়ারম্যান বলেন, পুলিশ বিভাগ থেকে প্রেষণে আসা ওই কর্মকর্তা এখন নিজ বাহিনীতে ফেরত গেছেন। আদালতের আদেশ হাতে এলেই তাঁর বিরুদ্ধে পুলিশ বিভাগকে ব্যবস্থা নিতে বলা হবে।
সম্প্রতি ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালত একটি মামলার রায়ে দুদকের সাবেক কর্মকর্তা (বর্তমানে গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার) রেজাউল হাসান তরফদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ ও দুদককে নির্দেশ দিয়েছেন। আদালত রায়ে বলেছেন, শিক্ষিকার সনদ নিয়ে যে মামলাটি দুদকের ওই কর্মকর্তা করেছিলেন তা সম্পূর্ণ হয়রানির উদ্দেশ্যে। মিথ্যা সাক্ষ্য আর ভুয়া কাগজ দেখানোসহ সবকিছু করেও তা প্রমাণ করতে পারেননি ওই কর্মকর্তা। তাই মামলা থেকে খালাস পান প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ওই শিক্ষিকা।
ঘটনার বিবরণে জানা যায়, ২৫ বছর চাকরি করার পর ২০০৯ সালে অবসরে যান লালবাগের আব্দুল গনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মনোয়ারা বেগম। এর তিন বছর পর ২০১২ সালে সনদ জালিয়াতির অভিযোগে তাঁর বিরুদ্ধ মামলা করে দুদক। মামলার অভিযোগে বলা হয়, ভুয়া সনদে ২৫ বছর চাকরি করে তিনি রাষ্ট্রের একুশ লাখ সাতষট্টি হাজার টাকা আত্মসাৎ করেছেন। আর মামলা হওয়ার পর থেকেই মনোয়ারা বেগম পলাতক রয়েছেন বলে জানানো হয়।
মামলার রায়ে আদালত তাঁর পর্যবেক্ষণে বলেছেন, ভুয়া কাগজপত্র প্রস্তুত করে মামলা প্রমাণের চেষ্টা করেছেন মামলার বাদী দুদকের ওই কর্মকর্তা। দুদক কর্তৃপক্ষকে ভুল বুঝিয়ে পরীক্ষার সনদ জালিয়াতির অভিযোগে মামলার অনুমোদনও নেন তিনি। কিন্তু কোনোভাবেই তা প্রমাণ করতে পারেননি। তাই সনদ জালিয়াতির ওই মামলা থেকে মনোয়ারা বেগমকে খালাস দেওয়া হয়।