সরষের ভূত তাড়াতে গণমাধ্যমের সহায়তা চান দুদক চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সরষের ভেতরের ভূত’ তাড়াতে গণমাধ্যমের সহায়তা চেয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
গতকাল সোমবার দুদক মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৫ প্রদান অনুষ্ঠানে ইকবাল মাহমুদ এই সহায়তা চান। তিনি বলেন, ‘অনেকেই দুর্নীতি দমন কমিশনকে ক্ষমতাহীন বলেন, আমি তা স্বীকার করি না।’
দুদকের চেয়ারম্যান বলেন, দুদক ক্ষমতাহীন নয়। দুদকের পর্যাপ্ত ক্ষমতা বা শক্তি রয়েছে, কিন্তু এই শক্তির সঠিক ব্যবহার হচ্ছে না।
দুদকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মিডিয়া অ্যাওয়ার্ড জুরি বোর্ডের সভাপতি ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ার দুর্নীতি প্রতিরোধ ও দমনে সফল হতে দুদককে দুর্নীতিমুক্ত করার আহ্বান। তিনি বলেন, ‘অভিযোগ করা হয়, দুদক সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠান। নির্বাচন কমিশনের বিরুদ্ধেও এ অভিযোগ আছে। দুদককে আগে নিজেকে স্বচ্ছ হতে হবে। দুর্নীতিমুক্ত করতে হবে।’
এ প্রসঙ্গে দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘সরষের ভেতরেই ভূত আছে—আমিও অস্বীকার করছি না। এ ভূত আমি তাড়াবোই—তবে এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা চাই।’
দুদক তথ্য প্রমাণসহ মামলা করার পরও অভিযোগপত্র থেকে অনেককেই বাদ দেওয়া হয়, সাংবাদিকদের এমন বক্তব্যের জবাবে দুদকের চেয়ারম্যানও একমত পোষণ করেন। তিনি সবাইকে আশ্বস্ত করে বলেন, ভবিষ্যতে দুদক যে মামলাই করবে তার চার্জশিট হবে। তিনি বস্তুনিষ্ঠ সমালোচনা করার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন দুদক মিডিয়া অ্যাওয়ার্ড জুরি বোর্ডের সদস্য পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর, একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল।
এবারের দুদক মিডিয়া অ্যাওয়ার্ডে ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছেন মাছারাঙা টেলিভিশনের বদরুদ্দোজা, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন চ্যানেল টুয়েন্টি ফোরের মুরছালিন হক। তৃতীয় পুরস্কার পেয়েছেন আরটিভির ফখরুল ইসলাম। প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে সমকাল-এর হকিকত জাহান প্রথম পুরস্কার এবং সিলেটের ডাক-এর নুর আহমদ পেয়েছেন দ্বিতীয় পুরস্কার।