সরস্বতী পূজা আজ
আজ সরস্বতী পূজা। প্রতিবছরের মতোই মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চেপে বিদ্যা ও জ্ঞানদাত্রী দেবী সরস্বতী পৃথিবীতে আসবেন। শুক্রবার মধ্যরাতে প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। আনুষ্ঠানিকতা চলবে শনিবার রাত পর্যন্ত।সরস্বতী পূজা উপলক্ষে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আজ ছুটি। এ উপলক্ষে হিন্দুধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে জমজমাট পূজা উৎসবের প্রস্তুতি শেষ হয়েছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল, ফজিলাতুন্নেসা মুজিব হল, কুয়েত মৈত্রী হল, শামসুন্নাহার হলেও পালিত হবে সরস্বতী পূজা।ঢাকেশ্বরী মন্দিরে সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে উদ্যাপিত হবে সরস্বতী পূজা। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা কলেজ, ইডেন কলেজ, পুরান ঢাকার বাণী ভবন, বুয়েটসহ সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং ব্যক্তি উদ্যোগেও এ পূজা উদ্যাপিত হবে।ধর্মীয় রীতি অনুযায়ী সকালে বিদ্যাদেবীকে দুধ, মধু, দই, ঘি, কর্পূর, চন্দন দিয়ে স্নান করানো হবে। এরপর চরণামৃত নেবেন ভক্তরা। সকাল নয়টার দিকে হবে বাণী অর্চনা। পুরোহিতরা সনাতন ধর্মের রীতি অনুযায়ী মন্ত্র পড়ে পূজার আচার পালন করবেন। এরপর ভক্তরা পুষ্পাঞ্জলি দেবেন। দেবীর সামনে ‘হাতেখড়ি’ দিয়ে শিশুদের বিদ্যাচর্চার সূচনা করা হবে অনেক স্থানে। সন্ধ্যায় থাকবে আরতি। সন্ধ্যার পর বিভিন্ন মণ্ডপে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে প্রতিবারের মতো এবারও মণ্ডপ সাজানোর প্রতিযোগিতা চলছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক মণ্ডপ স্থাপিত হয়েছে। গত রাতে চলছিল সজ্জার কাজ।প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, দেবী সরস্বতী জ্ঞানালোক, ন্যায় ও সত্যের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। দেবী সরস্বতীর পূজার্চনা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সবাইকে জ্ঞানার্জনে ব্রতী হয়ে দেশ গঠনে আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।