সরস্বতী পূজা উদ্যাপিত
যথাযোগ্য মর্যাদা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে গতকাল রোববার হিন্দুসম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদ্যাপিত হয়েছে। বিদ্যাদেবীর কৃপালাভের আশায় রাজধানীসহ সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং হিন্দুধর্মাবলম্বীদের ঘরে ঘরে এ পূজা উদ্যাপিত হয়।
সনাতন ধর্মমতে, প্রতিবছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চেপে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী পৃথিবীতে আসেন। সে অনুসারে গতকাল সারা দেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। তবে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে, রামকৃষ্ণ মিশন গত শনিবার সরস্বতী পূজার আয়োজন করে। গতকাল মহল্লায় মহল্লায় পূজামণ্ডপে ভক্তরা মায়ের পায়ে অঞ্জলি দেন। দেবীর সামনে ‘হাতে খড়ি’ দিয়ে শিশুদের বিদ্যাচর্চার সূচনা হয় বেশ কিছু স্থানে। বিভিন্ন মণ্ডপে আয়োজন করা হয় আলোচনা সভার, সন্ধ্যায় হয় আরতি। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে এবারও প্রায় অর্ধশতাধিক মণ্ডপে বিদ্যাদেবীর পূজা হয়েছে। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২৯টি মণ্ডপে পূজা হয়েছে। দিনে-রাতে, বিশেষ করে সন্ধ্যার পর আলোকসজ্জায় শোভিত এসব মণ্ডপ দেখতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, রোকেয়া হল, ফজিলাতুন্নেসা মুজিব হল, কুয়েত মৈত্রী হল, শামসুন্নাহার হল, শাঁখারী বাজার, তাঁতীবাজার, শ্রীশ্রী কৃপাসংঘ, ধানমন্ডি মাঠসহ বিভিন্ন স্থানে পূজার আয়োজন করা হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি তাদের মিলনায়তনে বাণী অর্চনার আয়োজন করে।
মহানগর সর্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী মন্দিরে কেন্দ্রীয়ভাবে সরস্বতী পূজার আয়োজন করে। সকাল ছয়টায় মন্দিরে প্রতিমা স্থাপন করা হয়, আটটায় পূজা শুরু হয়। এরপর চলে অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ ও সন্ধ্যায় আরতি হয়।