সরস্বতী পূজা উদ্যাপিত

সরস্বতী দেবীকে ঘিরে বানানো মণ্ডপটির পাঁচটি খুঁটির তিনটিই ভাঙা। একটি তো ভেঙে লুটিয়ে পড়েছে। যে দুটি খুঁটির জোরে এখনো টিকে আছে, তা হচ্ছে স্রষ্টার কৃপা আর সাম্প্রদায়িক সম্প্রীতি। আধভাঙা দুটি হচ্ছে শিক্ষাব্যবস্থা ও গণমাধ্যম, ভাঙাটি প্রশাসন।
ভাঙা মণ্ডপের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা ফুটিয়ে তুলতে চেয়েছেন বাংলাদেশের বর্তমান সময়ের প্রতিচ্ছবি। হিন্দুধর্মাবলম্বীদের অন্যতম উৎসব সরস্বতী পূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে এই প্রতিবাদী মণ্ডপটি নির্মাণ করা হয়।
বিদ্যার দেবী হওয়ায় হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে বা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সরস্বতী পূজা হয়। গতকাল বুধবার সারা দেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সরস্বতী পূজা উদ্যাপিত হয়েছে। ধর্মীয় আমেজ থাকলেও সব ধর্ম ও বর্ণের অংশগ্রহণ ছিল এই উৎসবে। মহল্লায় মহল্লায় পূজামণ্ডপগুলোতে দেবীর পাদপদ্মে অঞ্জলি দেন ভক্তরা। দেবীর সামনে ‘হাতেখড়ি’ দিয়ে শিশুদের বিদ্যাচর্চার সূচনা করা হয় অনেক জায়গায়। পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালায় ছিল পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা প্রভৃতি।
জগন্নাথ হলের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে মন্দিরে একটি পূজা হলেও মাঠে প্রায় ৭০টি মণ্ডপে পূজা হয়। হিন্দুধর্মমতে, সরস্বতী জ্ঞান, বিদ্যা ও শিল্পকলার দেবী। জ্ঞান ও বিদ্যালাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবছরের মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতীর আরাধনা করেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল, বেগম শামসুন নাহার হল, কুয়েত মৈত্রী হল ও বেগম ফজিলাতুন্নেছা হল এবং ইডেন কলেজে পৃথক পূজামণ্ডপ তৈরি করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হয় ৩২টি পূজামণ্ডপ। বিভিন্ন বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের মাঠে এই পূজার আয়োজন করে।
বাসস জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদ্যাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বটতলায় সরস্বতী পূজার আয়োজন করা হয়। এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, শাঁখারীবাজার, তাঁতীবাজার, খিলগাঁও তিলপাপাড়া দেবমন্দিরে কৃপা সংঘসহ বিভিন্ন স্থানে বিপুল উদ্দীপনায় পূজার আয়োজন করা হয়।