সরস্বতী পূজা উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে গতকাল শুক্রবার সরস্বতী পূজা উদ্যাপিত হয়েছে। বিদ্যাদেবীর কৃপালাভের আশায় রাজধানীসহ সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, পাড়া-মহল্লা এবং বহু পরিবারে সরস্বতী পূজা উদ্যাপিত হয়। বিভিন্ন মণ্ডপে পূজার্থীরা মায়ের পাদপদ্মে অঞ্জলি দেয়। এ ছাড়া কিছু মণ্ডপে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন ছিল। দেবীর সামনে ‘হাতেখড়ি’ দিয়ে শিশুদের বিদ্যাচর্চার সূচনা করা হয়েছে অনেক স্থানে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীদের উদ্যোগে অন্তত অর্ধশত মণ্ডপে এই পূজা হয়েছে। দিনে-রাতে, বিশেষ করে সন্ধ্যার পর আলোকসজ্জায় শোভিত এসব মণ্ডপ দেখতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছুটে আসে দর্শনার্থীরা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল, শামসুন্নাহার হল, ফজিলাতুন্নেসা মুজিব হল, কুয়েত মৈত্রী হলে তৈরি মণ্ডপেও পূজা হয়। এ ছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা কলেজ, ইডেন কলেজ, ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গন, হাটখোলা জগদ্বন্ধু মহাপ্রকাশ মঠ, শাঁখারী বাজার ও তাঁতীবাজারের অনেক মণ্ডপে পূজা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পূজামণ্ডপে অঞ্জলি নিতে খুব সকাল থেকেই ভিড় জমায় শত শত শিক্ষার্থী। একইভাবে পূজার্থীরা ভিড় জমায় পাড়া-মহল্লার মণ্ডপগুলোতে। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ৭ নম্বর গেটসংলগ্ন রাস্তায় পূজার আয়োজন করা হয়।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে ও বিভিন্ন হলে সরস্বতী পূজার আয়োজন করা হয়। গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেন কেন্দ্রীয় খেলার মাঠের দক্ষিণ-পূর্ব পাশে সনাতনপন্থী শিক্ষার্থীদের জন্য মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।