চট্টগ্রাম নগরের ভাসমান ও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী ১০ হাজার পরিবারকে পুনর্বাসনের জন্য বিশ্বব্যাংকের কাছে প্রস্তাব পেশ করেছে সিটি করপোরেশন।
গতকাল বৃহস্পতিবার নগরের সরাইপাড়া ওয়ার্ডে সিটি করপোরেশন আয়োজিত সুধী সমাবেশে এ তথ্য জানান মেয়র মনজুর আলম। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড কাউন্সিলর বাবুল হক।
সুধী সমাবেশে মেয়র মনজুর আলম বলেন, সরাইপাড়া ওয়ার্ডের উন্নয়নে গত চার বছরে ১৩ কোটি টাকা ব্যয়ে ৬১টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এই অর্থ দিয়ে ওয়ার্ডের বিভিন্ন পুরোনো সড়ক সংস্কার, ভবন নির্মাণ, মাটি উত্তোলন, গভীর নলকূপ স্থাপন, প্রতিরোধ দেয়াল ও নালা নির্মাণ করা হয়েছে।
মেয়র মনজুর আলম বলেন, ‘সিটি গভর্নেন্স প্রকল্প’-এর আওতায় জাইকার অর্থায়নে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার উন্নয়নে এক হাজার কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। ইতিমধ্যে ২২১ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কার্যক্রম শুরু করা হয়েছে।
সুধী সমাবেশে বক্তব্য দেন করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর রেহেনা বেগম ও মোরশেদ আকতার চৌধুরী, ফাহিম উদ্দিন, কামাল উদ্দিন, নুরুল ইসলাম, দিদার রহমান, খালেদা বোরহান ও জালাল উদ্দিন প্রমুখ।