সরাইল-অরুয়াইল সড়কে ২০ গতিরোধক, যাত্রী দুর্ভোগ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-অরুয়াইল সড়কের প্রাতবাজার সিএনজি স্ট্যান্ড থেকে অরুয়াইল সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার এলাকায় অপরিকল্পিতভাবে ২০টি অবৈধ গতিরোধক বসানো হয়েছে। এসব গতিরোধকে সতর্কতামূলক চিহ্নও ব্যবহার করা হয়নি। এতে যানবাহন চলাচলে যেমন বিঘ্ন ঘটছে, তেমন যাতায়াতের সময় আকস্মিক ঝাঁকুনিতে ভোগান্তির শিকার হচ্ছে রোগীসহ সাধারণ যাত্রীরা।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সরাইল কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার হাওরবেষ্টিত অরুয়াইল, পাকশিমুল ও চুণ্টা ইউনিয়নের সঙ্গে উপজেলা ও জেলা সদরের সরাসরি যোগাযোগ স্থাপনে বর্তমান সরকারের আমলে সড়কটি নির্মাণ করা হয়। গত বছরের জুন থেকে সড়কে যানবাহন চলাচল শুরু হয়। স্থানীয় লোকজন সড়কে ওই সব গতিরোধক বসিয়েছে। কর্তৃপক্ষের কাছ থেকে কোনো অনুমোদনও নেওয়া হয়নি। অধিকাংশ গতিরোধক বসানো হয়েছে অপরিকল্পিতভাবে। কোনো কোনোটি উচ্চতায় ছয় ইঞ্চি ও চওড়ায় ৮-১০ ইঞ্চি। অনেকগুলোর দুই পাশ ঢালু করা হয়নি। ব্যবহার করা হয়নি সতর্কতামূলক চিহ্নও। সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কের ২০টি গতিরোধকের পাঁচটি এমন জায়গায় নির্মিত হয়েছে, যেখানে কোনো জনবসতি নেই। পাকশিমুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোজামেঞ্চল হক বলেন, এই সড়কে প্রয়োজনের তুলনায় বেশি গতিরোধক নির্মাণ করা হয়েছে। গতিরোধকের কারণে রোগীদের চলাচলে বেশি সমস্যা হয়। অটোরিকশাচালক সাদ্দাম মিয়া বলেন, এত গতিরোধকে গাড়ি চালাতে খুব অসুবিধা হয়। মাঝে মাঝে গাড়ি বিকল হয়ে যায়। অরুয়াইল ইউপির চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, এই এলাকায় আগে এ রকম সড়ক ছিল না। স্থানীয় মানুষ এ ধরনের পথে চলাচলেও অভ্যস্ত নয়। তাই বিপদের আশঙ্কায় তারা গতিরোধক নির্মাণ করেছে। উপজেলা প্রকৌশলী মো. মাহবুবুল আলম বলেন, সড়কটির সব গতিরোধকই অবৈধ। অপরিকল্পিতভাবে নির্মাণ করায় গতিরোধকগুলো জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।