সরাইল আওয়ামী লীগের কার্যক্রমে স্থবিরতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের কার্যক্রমে সাত মাস ধরে স্থবিরতা বিরাজ করছে। এতে নেতা-কর্মীদের মধ্যে হতাশা বিরাজ করছে। উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ইকবাল আজাদ খুন হওয়ার পর থেকে দলে এ অবস্থা চলছে। এ সমস্যা সমাধানের জন্য সম্প্রতি এক নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।দলীয় সূত্রে জানা গেছে, দলীয় কোন্দলে গত বছরের ২১ অক্টোবর উপজেলা সদরে খুন হন এ কে এম ইকবাল আজাদ। পরদিন তাঁর ছোট ভাই এ কে এম জাহাঙ্গীর আজাদ বাদী হয়ে সরাইল থানায় হত্যা মামলা করেন। এতে উপজেলা আওয়ামী লীগের বিলুপ্ত কমিটির সভাপতি আবদুল হালিম, সহসভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, যুগ্ম সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল জব্বার, উপজেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজ আলী, ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুল আসাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসমত আলীসহ ২৯ জন নেতা-কর্মীকে আসামি করা হয়। হত্যাকাণ্ডের পরদিন উপজেলা আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের কার্যক্রম স্থগিত ঘোষণা করে জেলা আওয়ামী লীগ। দুই মাস পর পুলিশ ২৯ নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আওয়ামী লীগের বিলুপ্ত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৪ নেতা-কর্মী বর্তমানে জেলহাজতে আছেন।দলীয় সূত্র জানায়, ইকবাল আজাদ হত্যাকাণ্ডের পর উপজেলা আওয়ামী লীগে স্থবিরতা ও নেতৃত্বশূন্যতা দেখা দিয়েছে। গত সাত মাসে এখানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চোখে পড়েনি। উপজেলা আওয়ামী লীগের বিলুপ্ত কমিটির মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মনির উদ্দিন আহমদ বলেন, সাত মাস ধরে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ। এ কারণে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। দল ক্ষমতায় থাকার পরও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে নেতা-কর্মীরা অংশ নিতে পারছেন না। দলকে সক্রিয় ও বেগবান করার লক্ষ্যে দ্রুত উপজেলা কমিটি গঠন করার জন্য তিনি দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ২২ মে লিখিত আবেদন করেছেন বলে জানান।উপজেলা আওয়ামী লীগের বিলুপ্ত কমিটির সহসভাপতি আবদুর রাশেদ বলেন, এখানে আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। অচিরেই এ সমস্যার সমাধান করা না হলে দলের কোনো অস্তিত্ব থাকবে না।