সরাইল উপজেলা আ.লীগের সভাপতি লাঞ্ছিত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিমকে লাঞ্ছিত করেছেন দলীয় নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার দুপুরে উপজেলা সদরে দলের একাংশের নেতা ইকবাল আজাদের ইন্ধনে লাঞ্ছনার শিকার হন বলে অভিযোগ করেছেন আবদুল হালিম। দলীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলার পাকশিমূল ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন আজ শনিবার হওয়ার কথা। কিন্তু সম্মেলনের তারিখ নিয়ে মতবিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে আলোচনার জন্য সভাপতি আবদুল হালিম, জ্যেষ্ঠ সহসভাপতি ইকবাল আজাদ, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুরসহ বেশ কয়েকজন নেতা-কর্মী স্থানীয় একটি ব্যবসাপ্রতিষ্ঠানে একত্র হন। আলোচনার শুরুতেই কিছু যুবক আবদুল হালিমকে উদ্দেশ করে গালাগাল করতে থাকেন। একপর্যায়ে তাঁরা লাঠিসোঁটা নিয়ে সভাপতির দিকে তেড়ে যান। এ সময় আবদুল হালিম অন্যদের সহযোগিতায় ঘটনাস্থল ত্যাগ করেন। ইকবাল আজাদ বলেন, গঠনতন্ত্রবহির্ভূতভাবে তিনি (আবদুল হালিম) পাকশিমূল ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের তারিখ তিনবার পরিবর্তন করেছেন। আবারও পরিবর্তনের টালবাহানা করায় নেতা-কর্মীরা এ কাজ করেছেন।