সরাইল ও গজারিয়ায় সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে দুই পুলিশ কর্মকর্তাসহ শতাধিক লোক আহত হয়েছেন। উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা ও চানমনিপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে গত শুক্রবার এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় একই দিন দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে শিশু ও নারীসহ কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। উপজেলার ভাসারচর গ্রামে সাহেব আলী ফকিরের ওরস মাহফিলে আসা মেয়েদের উত্ত্যক্ত করা নিয়ে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ওরস মাহফিলে অস্থায়ীভাবে স্থাপন করা আট-দশটি দোকান ও ওই গ্রামের সাতটি ঘর ভাঙচুর করা হয়।সরাইল: পুলিশ ও গ্রামবাসী জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে স্থানীয় অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ক্রিকেট খেলা নিয়ে সৈয়দটুলা গ্রামের আকবর হোসেন (২৫) ও চানমনিপাড়া গ্রামের মো. রনি মিয়ার (২২) মধ্যে বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়। পরে বেলা ১১টার দিকে সৈয়দটুলা ও চানমনিপাড়া গ্রামের দুই হাজারেরও বেশি লোক রাম দা, বল্লম, টেঁটা ও গুলতি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলে গিয়ে সরাইল থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। পরে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সঞ্জয় সরকারের নেতৃত্বে র্যা ব-৯-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে সোয়া দুই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাঁরা কাঁদানে গ্যাসের ৩৩টি শেল ও ৩৬টি রাবার বুলেট ছোড়েন ও ব্যাপক লাঠিপেটা করেন। এ সময় ঘটনাস্থল থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়। সংঘর্ষে সরাইল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল হাসান, সহকারী উপপরিদর্শক (এএসআই) মহিউদ্দিন ও আট কনস্টেবলসহ উভয় গ্রামের শতাধিক লোক আহত হন। আহতদের মধ্যে তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া ৩৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ১২ জনকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ওই আটজনের বিরুদ্ধে ১৫১ ধারায় মামলা করেছে। গতকাল শনিবার আদালত তাদের জেলহাজতে পাঠিয়েছে। গজারিয়া: স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে নতুনচরচাষী গ্রামের একদল বখাটে যুবক ওরসে আসা ভাসারচর গ্রামের কয়েকটি মেয়েকে উত্ত্যক্ত করে। ওরস কমিটির সদস্যরা এর প্রতিবাদ করলে বখাটেদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বখাটেরা মুঠোফোনে নিজস্ব গ্রামে খবর দিলে তাদের সহযোগীরা লাঠিসোঁটা নিয়ে এসে ভাসারচর গ্রামের বাসিন্দাদের ওপর হামলা চালায়। তারা ওরস মাহফিলের দোকান, গ্রামবাসীর বসতঘর, চেয়ার, মাইক, বৈদ্যুতিক বাতি ভাঙচুর ও লুটপাট করে। এ সময় ভাসারচর গ্রামের বাসিন্দারা তাদের প্রতিরোধের চেষ্টা করলে উভয় পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন আহত হয়। তারা সবাই স্থানীয়ভাবে চিকিৎস্যা নিয়েছে।ওরস কমিটির সদস্য শাহজালাল ও গুয়াগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম সরকার গতকাল শনিবার প্রথম আলোকে জানান, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সেখানে সংঘর্ষ চলে। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরজু মিয়া জানান, কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।