সরাইল ও নাসিরনগরে অটোরিকশা ধর্মঘট
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কসহ সরাইল ও নাসিরনগর উপজেলার অভ্যন্তরীণ সব সড়কে গতকাল সোমবার সিএনজিচালিত অটোরিকশার চালকেরা ধর্মঘট পালন করেন। এতে অটোরিকশার যাত্রীরা দুর্ভোগ পোহান।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া মোড় থেকে বিশ্বরোড মোড় পর্যন্ত পৌনে এক কিলোমিটার মহাসড়কে অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়ার দাবিতে ধর্মঘট পালন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এক বছর আগে সরকার দেশের সব মহাসড়কে তিন চাকার যান (অটোরিকশা) চলাচল বন্ধ করে দেন। এক বছর ধরে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িযার ৩৫ কিলোমিটার অংশে অটোরিকশা বন্ধ থাকলেও সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া মোড় থেকে বিশ্বরোড মোড় পর্যন্ত পৌনে এক কিলোমিটার এলাকায় অটোরিকশা চলাচল করে আসছিল। সরাইল ও নাসিরনগর উপজেলার বাসিন্দাদের এই পৌনে এক কিলোমিটার সড়ক অতিক্রম করে জেলা সদরে বা অন্যান্য এলাকায় যাতায়াত করতে হয়। দুই সপ্তাহ ধরে সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ও সরাইল থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে মহাসড়কের এই অংশে অটোরিকশা চলাচল বন্ধ করে দেন। অটোরিকশা চলাচলে বাধা দেওয়ার প্রতিবাদে অটোরিকশা শ্রমিকেরা পূর্বঘোষণা ছাড়াই গতকাল ভোর থেকে মহাসড়কসহ দুই উপজেলার অভ্যন্তরীণ সব সড়কে অটোরিকশা চলাচল বন্ধ করে দেন। সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কে অটোরিকশার বিকল্প কোনো যানবাহনও নেই। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছে।
নাসিরনগর উপজেলা সদরের বাসিন্দা আক্তার মিয়া গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, গতকাল জেলা সদরে গুরুত্বপূর্ণ কাজ ছিল। অটোরিকশা না থাকায় কখনো হেঁটে কখনো রিকশায় যেতে হয়েছে। এ জন্য চার গুণ বেশি ভাড়াও দিতে হয়েছে।
গতকাল বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা অটোরিকশা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফুল মিয়া ভূঁইয়ার সভাপতিত্বে বিশ্বরোড মোড়ে জেলা অটোরিকশা মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা সমাবেশ করেন।
সমাবেশ শেষে সন্ধ্যায় জেলা অটোরিকশা মালিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. বাহার চৌধুরী বলেন, ‘আজই আমরা বিষয়টি নিয়ে জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলব। সমাধান না হলে আমরা আমাদের পথ বেছে নেব।’
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা বলেন, ‘আমরা সরকারের নির্দেশ পালন করছি। সরকারি নির্দেশ না পাওয়া পর্যন্ত আমরা (অটোরিকশা) মহাসড়কে চলতে দিতে পারি না।’