সরাইল-নাসিরনগর সড়কে বেপরোয়া ডাকাতি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর সড়কে চলছে বেপরোয়া ডাকাতি। গত ১৮ দিনে সড়কটিতে ২৩টির বেশি ডাকাতির ঘটনা ঘটেছে। কিন্তু ডাকাতি রোধে পুলিশ কোনো তৎপরতা চালাচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর উপজেলা এবং পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার কয়েক হাজার মানুষ প্রতিদিন ওই সড়ক দিয়ে যাতায়াত করে। ১৭ কিলোমিটার দীর্ঘ এ সড়কের ছয় কিলোমিটার হাওর এলাকার মধ্যে পড়েছে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ ডিসেম্বর থেকে গতকাল শনিবার পর্যন্ত ওই সড়কে ২৩টিরও বেশি ডাকাতি হয়েছে। পুলিশ জানায়, সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ থেকে নাসিরনগর উপজেলার কুণ্ডা ইউনিয়ন পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার হাওর এলাকা। সরাইলের পাঠানপাড়া মোড়, বড্ডাপাড়া সেতু, হেলিপ্যাড মোড়, ধরন্তী ঘাট ও কুইট্টা সেতু এবং নাসিরনগরের তিতাস সেতু, কুণ্ডা ও দাঁতমণ্ডল এলাকায় বেশ কয়েকটি সংঘবদ্ধ ডাকাতদল সক্রিয় রয়েছে। প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক মশিউর রহমান (২৫) জানান, ২০/২৫ জনের একদল ডাকাত গতকাল ভোর সাড়ে ছয়টায় সড়কের নাসিরনগর উপজেলার ভূঁইয়ারঘাট এলাকায় অবরোধ সৃষ্টি করে তিনটি অটোরিকশা, একটি পণ্যবাহী ট্রাক ও একটি প্রাইভেট কার আটকে সবাইকে পিটিয়ে লক্ষাধিক টাকা ও দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করে চলে যায়। এ ছাড়া গত বুধবার রাত নয়টায় সরাইল ও নাসিরনগর উপজেলার মাঝামাঝি হাওর এলাকায় ১০/১২টি বাথানে সংঘবদ্ধ ডাকাতদল হানা দিয়ে ১৮টি গরু, দুটি মোষ ও পাঁচটি মুঠোফোন লুটে নেয়।৩ জানুয়ারি ভোরে সড়কের কুুইট্টা এলাকায় পিকআপ ভ্যান ও টেম্পুর চালক এবং যাত্রীদের মারধর করে ডাকাতেরা টাকা ও মুঠোফোন লুটে নেয়। ২ জানুয়ারি রাতে কুইট্টা পুটিয়া বিল এলাকার সড়কে ১০/১৫ জন ডাকাত কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও নসিমন আটক করে চালক এবং যাত্রীদের টাকা ও মুঠোফোন লুটে নেয়।ডাকাতদের কবলে পড়া নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা মনির হোসেন (৩৫) ও মো. আশরাফ আলী (৩৭) জানান, তাঁরা নসিমন নিয়ে নাসিরনগর থেকে সরাইল ফিরছিলেন। পুটিয়া বিল এলাকায় ডাকাতেরা তাঁদেরসহ কয়েকটি গাড়ি আটকে যাত্রীদের পিটিয়ে মালামাল নিয়ে যায়। ২৩ ডিসেম্বর রাতে সড়কের ধরন্তী হাওর এলাকায় ডাকাতদের কবলে পড়া একটি বাসের যাত্রী ছিলেন সরাইলের বাসিন্দা মাওলানা এনায়েতউল্লাহ। তিনি অভিযোগ করেন, বাস থামিয়ে যখন ডাকাতেরা সব ছিনিয়ে নিচ্ছিল তখন ৩০/৪০ গজ দূরে নাসিরনগর থানার উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম কয়েকজন পুলিশ-সদস্য নিয়ে টহল দিচ্ছিলেন। ডাকাতির খবর পেয়েও পুলিশ সেখানে যায়নি। একই দিন রাত সাড়ে আটটায় নাসিরনগরে মুঠোফোন সরঞ্জামের ব্যবসায়ী জাকির হোসেন, ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি মো. রিয়াজ উদ্দিন ও মো. কবির চৌধুরীর কাছ থেকে টাকা এবং মুঠোফোন লুটে নেয় অন্য একটি ডাকাতদল।এর আগে ২৯ নভেম্বর সরাইল-নাসিরনগর সড়কের বড্ডাপাড়া সেতুর কাছে পাঁচ-ছয়টি সিএনজিচালিত অটোরিকশা আটক করে যাত্রীদের সর্বস্ব ছিনিয়ে নেয় আট-দশজনের ডাকাতদল।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র সাহা বলেন, ওই রাস্তাটি বেশির ভাগ সময় নির্জন থাকে। এলাকা বড় হওয়ায় অল্পসংখ্যক পুলিশ ডাকাতদের ধরতে পারছে না। তিনি বলেন, ওই সড়কে ডাকাতি রোধে হাইওয়ে পুলিশ ফাঁড়ি একান্ত প্রয়োজন। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, শুধু পুলিশের পাহারায় ডাকাতি বন্ধ হবে না। এলাকাবাসীকেও প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি ভুক্তভোগীদের থানায় এসে মামলা করতে হবে।