সরাইল সদরে কলেজ নেই ছাত্রীরা ঝরে পড়ছে
দেশ স্বাধীন হওয়ার ৩৯ বছর পরও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরে কোনো কলেজ প্রতিষ্ঠা করা হয়নি। এতে এসএসসি পাস করার পর ছেলেরা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে পারলেও মেয়েরা এ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এতে অনেক ছাত্রী এসএসসি পাস করার পর শিক্ষা থেকে ঝরে পড়ছে। এলাকাবাসী জানান, উপজেলা শহরে একটি সরকারিসহ পাঁচটি মাধ্যমিক বিদ্যালয় আছে। এবারের এসএসসি পরীক্ষায় এসব বিদ্যালয় থেকে ২৯৯ জন শিক্ষার্থী পাস করেছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫ জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ১৪৩ জন ছাত্রী। উপজেলা শহরে কোনো কলেজ না থাকায় তাদের বাধ্য হয়ে জেলা সদরে অথবা উপজেলা সদরের বাইরের কলেজে ভর্তি হতে হবে। তবে সব ছাত্রী এটা করতে পারবে না। কেবল সচ্ছল পরিবারের ছাত্রীরা বাইরে গিয়ে লেখাপড়া করার সুযোগ পাবে। দরিদ্র পরিবারের ছাত্রীদের বাধ্য হয়ে পড়ালেখা বন্ধ করে দিতে হবে। এলাকাবাসী আরও জানান, সরাইল উপজেলা সদর থেকে ১৭ কিলোমিটার দূরে অরুয়াইলে একটি এবং তিন কিলোমিটার দূরে কালীকচ্ছ ইউনিয়নে একটি ডিগ্রি কলেজ রয়েছে। ছাত্রদের পক্ষে সম্ভব হলেও ছাত্রীদের পক্ষে এত দূরের কলেজে গিয়ে লেখাপড়া করা সম্ভব হয় না। সরাইল পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব খান জানান, প্রতিবছর শতাধিক ছাত্রী উপজেলা সদরের বিভিন্ন বিদ্যালয় থেকে এসএসসি পাস করে। অনেকে বাড়ির কাছে কলেজ না পেয়ে লেখাপড়া ছেড়ে দেয়। তাই উপজেলা সদরে একটি মহিলা কলেজ হলে এলাকার নারীশিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবে। উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর বলেন, ‘আমি সরাইল উপজেলা সদরে একটি মহিলা কলেজ প্রতিষ্ঠার জন্য জায়গা খুঁজছি। নিজের টাকা দিয়ে হলেও কলেজ প্রতিষ্ঠা করব।’স্থানীয় সাংসদ জিয়াউল হক মৃধা বলেন, ‘উপজেলা সদরে একটি মহিলা কলেজ প্রতিষ্ঠার জন্য এলাকাবাসীকে নিয়ে শিগগিরই সভা করব। এলাকাবাসীর মতামতের ভিত্তিতে দ্রুত কলেজ প্রতিষ্ঠা করব।’