সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সে গ্যাস নেই, রোগী ও চিকিৎসকদের দুর্ভোগ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। দুই লাখ ৫৭ হাজার টাকার গ্যাস বিল বকেয়া থাকায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ গত মঙ্গলবার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এতে এখানে ভর্তি হওয়া রোগী এবং কোয়ার্টারে থাকা চিকিৎসক ও তাঁদের পরিবারের সদস্যরা বিপাকে পড়েছেন। রান্নার ব্যবস্থা না থাকায় রোগীদের ভাতের পরিবর্তে চিঁড়া, মুড়ি, রুটি ও কলা দেওয়া হচ্ছে। হাসপাতালে ভর্তি হওয়া রোগী সাবের হোসেন, ফুলেজা খাতুনসহ কয়েকজন গতকাল শনিবার জানান, গত মঙ্গলবার রাত থেকে কর্তৃপক্ষ তাঁদের ভাতের পরিবর্তে রুটি-কলা ও চিঁড়া দিচ্ছে। চিকিৎসা কর্মকর্তা ফারজানা খন্দকার বলেন, ‘আজও নাস্তা না করে হাসপাতালে এসেছি। বাচ্চা ও অসুস্থ মাকে নিয়ে ভীষণ কষ্টে আছি।’ দন্ত চিকিৎসক মেজবাহ উদ্দিন চোধুরী বলেন, রোগীদের খাবার পরিবেশনে মারাত্মক সমস্যা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল কাদের দাবি করেন, এগুলো ২০০৬ সালের আগের বকেয়া বিল। বর্তমানে কোয়ার্টারে বসবাসরত কারও কোনো গ্যাস বিল বকেয়া নেই। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল কাদের অভিযোগ করেন, কোনো চিকিৎসক কোয়ার্টার থেকে চলে গেলে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়। কিন্তু তাঁরা সংযোগ বিচ্ছিন্ন না করায় বিল বকেয়া থাকছে। তিতাস গ্যাসের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. রুহুল আমিন বলেন, ‘বকেয়া বিল পরিশোধের জন্য সর্বশেষ ১৫ দিন সময় দিয়ে একটি পত্র দিয়েছিলাম। গত ২৯ জুন মেয়াদ শেষ হয়েছে। আমরা নিয়মতান্ত্রিকভাবেই সংযোগ বিচ্ছিন্ন করেছি।’