সরাইলে অজ্ঞান করে স্বর্ণালংকার টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক বাড়ির পাঁচজনকে অজ্ঞান করে একদল দুর্বৃত্ত স্বর্ণালংকারসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। রাতের খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে তাদের অজ্ঞান করা হয়। গত শুক্রবার উপজেলার পূর্ব কুট্টাপাড়া গ্রামের প্রবাসী মো. আকিব মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।পুলিশ ও গ্রামবাসী জানান, গত শুক্রবার রাতে আকিব মিয়ার বাড়ির লোকজন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। কয়েকজন দুর্বৃত্ত কৌশলে ওই বাড়িতে ঢুকে রাতে খাবারের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে দেওয়ায় তারা অজ্ঞান হয়ে যায়। গতকাল শনিবার ভোরে ঘরের দরজা খোলা দেখে প্রতিবেশীরা ভেতরে ঢুকে ঘরের স্টিলের আলমারি ভাঙা এবং পরিবারের লোকজনকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। এ অবস্থায় তারা প্রবাসী আকিব মিয়ার মা সাজেদা বেগম (৫০), বড় বোন জেসমিন বেগম (৩০), ভগ্নিপতি মো. ইদন মিয়া (৩৫), ভাগনি নুরা বেগম (০৭) ও সাজেদা বেগমের খালা মনোয়ারা বেগমকে (৬০) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল কাদের বলেন, খাদ্যে নেশাজাতীয় কোনো পদার্থ মেশানো ছিল। তবে তারা সবাই এখন আশঙ্কামুক্ত।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ চন্দ্র সাহা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো সংঘবদ্ধ চক্র এ কাজ করেছে। এ ব্যাপারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।