প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করার জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের জাহাঙ্গীরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীরপাড়ার বাসিন্দা আওয়ামী লীগের সমর্থক তোফাজ্জল মিয়া (৫০) ও তাঁর প্রতিবেশী আনসার-ভিডিপির সদস্য বিএনপির সমর্থক বিল্লাল মিয়ার (৩০) মধ্যে দলীয় বিষয় নিয়ে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে উভয় সমর্থক উত্তেজিত হয়ে পড়েন। এ সময় বিল্লাল মিয়া প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে অশ্লীল ভাষায় গালি দিলে উত্তেজনা বৃদ্ধি পায়। এ সময় উপস্থিত লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
বৃহস্পতিবারের ঘটনাকে কেন্দ্র করে গতকাল সকালে বিল্লাল মিয়া ও তাঁর লোকজন তোফাজ্জল মিয়ার গোষ্ঠীর লোকজনের বাড়িঘরে হামলা চালান। হামলাকারীরা আওয়ামী লীগের সমর্থক সেলিম মিয়া, প্রবাসী এনামুল হক, মিলু মিয়ার চারটি বসতঘর ভাঙচুর ও লুটপাট করেন। এক ঘণ্টা স্থায়ী সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।