সরাইলে আওয়ামী লীগ নেতা খুনের ঘটনায় আরেকজন গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি এ কে এম ইকবাল আজাদের হত্যার সঙ্গে জড়িত সন্দেহে গত মঙ্গলবার আনোয়ার হোসেন (৩০) নামের আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এলাকাবাসী ও পুলিশ জানায়, নারায়ণগঞ্জের ২ নম্বর ফটক ট্রাফিক চত্বর এলাকা থেকে গত মঙ্গলবার আনোয়ারকে গ্রেপ্তার করা হয়। তিনি সরাইল উপজেলা সদরের সৈয়দটুলা গ্রামের জহির মিয়ার ছেলে। এ নিয়ে গত এক মাসে ইকবাল হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করল। তাঁদের মধ্যে শুধু মোকারম আলী এজাহারভুক্ত আসামি।মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. জাকির হোসেন ভূঁইয়া বলেন, আনোয়ারকে আদালতে হাজির করে তাঁর বিরুদ্ধে তিন দিনের রিমান্ডের আবেদন করা হয়। পরে শুনানি শেষে আদালত তাঁর বিরুদ্ধে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ বৃহস্পতিবার তাঁকে রিমান্ডে আনা হবে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।