সরাইলে আগুনে ১৮ দোকান পুড়ে ছাই
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গত সোমবার একটি বাজারে আগুনে ১৮টি দোকান পুড়ে গেছে। এতে ৫০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দোকান-মালিকদের দাবি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বেলা সোয়া ১১টার দিকে হাজি রইছ মোল্লা মার্কেটে আগুনের সূত্রপাত হয়। এতে মার্কেটের ১৮টি টিনশেড দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। এ ছাড়া আরও ১২টি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় লোকজন বেলা সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় উচ্ছৃঙ্খল জনতা দমকল বাহিনীর একটি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন, আহাম্মদ আলী ও শাহিনুল ইসলাম আহত হন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হেলাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।