সরাইলে আবার সংঘর্ষ, শতাধিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দেওড়া গ্রামের কালা মিয়া ও ধন মিয়ার পক্ষের লোকজনের মধ্যে আবারও সংঘর্ষ হয়েছে। গতকাল শুক্রবার ভোরের দিকের ওই সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, মুঠোফোন চুরির ঘটনা নিয়ে ওই দুই পক্ষের লোকজনের মধ্যে গত বৃহস্পতিবার ব্যাপক সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের জের ধরে গতকাল ভোরে কালা মিয়ার পক্ষের লোকজন নিছনপুর মোড়া ও ধীতপুর গ্রামবাসীর সহায়তা নিয়ে ধন মিয়ার বাড়িতে হামলা চালানোর চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় তিন ঘণ্টা ধরে চলা সংঘর্ষে শিশু, নারীসহ উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়। এ সময় অন্তত ১০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। আহত ব্যক্তিদের মধ্যে ধন মিয়ার পক্ষের খোরশেদ মিয়া (৫৫) ও মারুফা বেগমকে (৩৫) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।সংঘর্ষে আহত মোছাব্বির, সাব্বির হোসেন, আলফু মিয়া, আবুল হাশেম, সিরাজ আলী, তহুরা বেগম, বরকত আলী, মোরশেদা বেগম, লিয়াকত আলী, খোকন মিয়া, আজিজুর রহমান, জুয়েল মিয়া, আমান মিয়া, আবুল কালামসহ অন্তত ২৮ জনকে জেলা সদর হাসপাতালে ও স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।সংঘর্ষের খবর পেয়ে জেলা সদর থেকে দাঙ্গা পুলিশ ও সরাইল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জড়িত অভিযোগে আবিদুর রহমান, শাহ আলম, মজিবুর রহমান ও আবদুর রশিদকে গ্রেপ্তার করে পুলিশ।এ ব্যাপারে জানতে উভয় পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু পলাতক থাকায় দায়িত্বশীল কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।সংঘর্ষের পরপরই উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হেলাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।প্রসঙ্গত, কালা মিয়া ও ধন মিয়া দুজনই মারা গেছেন। কিন্তু দীর্ঘদিন ধরে দুই পক্ষের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছে।