সরাইলে আমিনীর মহাসমাবেশ স্থগিত
ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ও ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির মুফতি ফজলুল হক আমিনীর নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ডাকা মহাসমাবেশ স্থগিত হয়ে গেছে। জাতীয় নারী উন্নয়ন নীতিমালা বাতিল ও ইসলামি আইন বাস্তবায়নের দাবিতে আজ সোমবার দুপুর দুইটায় উপজেলার কালীকচ্ছ শাহী ঈদগা মাঠে স্থ্থানীয় ইসলামী আইন বাস্তবায়ন কমিটি মহাসমাবেশের ডাক দেয়। এদিকে একই স্থানে ও একই সময়ে জাতীয় নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়ন ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে উপজেলা যুবলীগও মহাসমাবেশের ডাক দেয়। পরে সংঘাতের আশঙ্কায় উপজেলা প্রশাসন উভয় পক্ষকে ডেকে তাদের কর্মসূচি স্থগিত করেছে। ইসলামী আইন বাস্তবায়ন কমিটির সমাবেশে মুফতি ফজলুল হক আমিনীর আর যুবলীগের সমাবেশে স্থানীয় সাংসদ জিয়াউল হক মৃধার প্রধান অতিথি থাকার কথা ছিল। ইসলামী আইন বাস্তবায়ন কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি ফয়জুল্লাহ বলেন, সরকারের নির্দেশে স্থানীয় প্রশাসন তাঁদের শান্তিপূর্ণ কর্মসূচির ওপর অঘোষিত ১৪৪ জারি করেছে। এতে তাঁদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হয়েছে। এর ফল হবে খুবই ভয়াবহ।উপজেলা যুবলীগের আহ্বায়ক হাজী মাহফুজ আলী বলেন, প্রশাসনের অনুরোধে তাঁরা কর্মসূচি স্থগিত করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, উভয় পক্ষকে গতকাল দুপুরে তাঁর কার্যালয়ে ডেকে নিলে তারা লিখিত দেয়, কোনো পক্ষই ওই স্থানে আজ কোনো কর্মসূচি পালন করবে না। এর পরও যদি কেউ কর্মসূচি পালন করে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।