ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষস্থানীয় সন্ত্রাসী দিদারুল ইসলাম হত্যার জের ধরে মামলার প্রধান আসামি ও ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে জখম করেছে দিদার বাহিনীর সদস্যরা। এ সময় জনতা ওই বাহিনীর তিনজনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিশ্বরোড মোড় এলাকায় এ ঘটনা ঘটে।আহত উসমান খান ব্রাহ্মণবাড়িয়া শহর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং শহরের কলেজপাড়ার কালা মিয়ার ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, দিদার হত্যা মামলার প্রধান আসামি উসমান খান গতকাল উচ্চ আদালত থেকে জামিন পান। পরে তিনি ঢাকা থেকে বাসে করে ব্রাহ্মণবাড়িয়ার হাড়িয়া গ্রামে শ্বশুরবাড়ি যেতে বিকেল চারটার দিকে বাস থেকে সরাইল বিশ্বরোড মোড়ে নামেন। এ সময় দিদারের ছোট ভাই আরিফুল ইসলামের নেতৃত্বে পাঁচ-ছয় ব্যক্তি ওসমানের ওপর ঝাঁপিয়ে পড়ে। সন্ত্রাসীরা তাঁকে দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে রাস্তায় ফেলে দেয়। এ সময় উসমানের সঙ্গে থাকা তাঁর আত্মীয় মনিরের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে সন্ত্রাসীদের ধাওয়া করে। পালানোর সময় আরিফুল, তার খালাতো ভাই একাধিক মামলার আসামি হাসান ও তার ভাই সাইফুলকে আটক করে জনতা পিটুনি দেয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।এলাকাবাসী উসমানকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় উসমানকে ঢাকায় পাঠানো হয়। পিটুনি খাওয়া আরিফুল, হাসান ও সাইফুলকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ওই ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সরাইল থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বলেন, ‘আরিফুল শীর্ষ সন্ত্রাসী দিদারের ভাই জেনে দেড় সহস্রাধিক উত্তেজিত জনতা তাঁকে ফাঁড়ি থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ওই সময় জনতা ফাঁড়ির আসবাব তছনছ করে।