ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ১ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় করা মামলায় ২৯ আসামিকে গতকাল বৃহস্পতিবার সকালে বিশেষ আদালতে হাজির করা হয়। আদালতের আদেশ অনুযায়ী গতকাল অভিযোগনামা, কোর্ট আদেশসহ প্রয়োজনীয় নথিপত্র আসামিদের কাছে হস্তান্তর করা হয়েছে। আগামী ২৮ নভেম্বর সকাল নয়টায় আদালত আবার বসবে।গতকাল সকাল নয়টায় ১ রাইফেল ব্যাটালিয়নের প্রধান কার্যালয়ে স্থাপিত বিশেষ আদালত ১৪-এ বিচারকাজ শুরু হয়। চার সদস্যের বিচারক প্যানেলে সভাপতিত্ব করেন বিডিআরের কুমিল্লা সেক্টরের অধিনায়ক কর্নেল এস এম ফরহাদ।পরবর্তী শুনানির দিন আসামিদের আদালতে হাজির করা হবে। আসামিরা ইচ্ছা করলে আইনজীবী নিয়োগ করতে পারবেন। তবে আইনজীবীরা আদালত চলাকালে আসামিদের কোনো পরামর্শ দিতে পারবেন না। আদালতের কার্যক্রম শেষে মামলার কৌঁসুলি ১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু সালেহ মো. গোলাম আম্বিয়া সংবাদ ব্রিফিংয়ে জানান, অভিযুক্ত সবার বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্য, তথ্য ও দালিলিক প্রমাণ রয়েছে, যা যথাসময়ে আদালতে উপস্থাপন করা হবে।২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের জের ধরে সরাইলে ১ রাইফেল ব্যাটালিয়নের প্রধান কার্যালয়ে কিছু উচ্ছৃঙ্খল জওয়ান তৎকালীন ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আরিফুর রহমানকে ভয়ভীতি দেখিয়ে কার্যালয় ত্যাগে বাধ্য করেন। সেই সঙ্গে অস্ত্রাগার লুট করে রাস্তায় বের হয়ে জনমনে আতঙ্ক ছড়ান। এ ঘটনায় গত বছরের ১৩ মে সরাইল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিচারিক হাকিমের আদালতে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন।