ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলামকে গতকাল সোমবার কারাগারে পাঠানো হয়েছে। রফিকুল শাহজাদাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সায়েফ উল্লাহ ঠাকুরের ভাই সোহরাব উল্লাহ ঠাকুর হত্যা মামলার ৩ নম্বর আসামি।এলাকাবাসী ও পুলিশ জানায়, চলতি বছরের ১ জানুয়ারি প্রতিপক্ষের হামলায় খুন হন সোহরাব উল্লাহ ঠাকুর। পরদিন সায়েফ উল্লাহ ঠাকুর বাদী হয়ে রফিকুল ইসলামসহ ১৪ জনের বিরুদ্ধে সরাইল থানায় হত্যা মামলা করেন। গত ২৭ নভেম্বর আদালতে ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গঠন করা হয়। এরপর ১৩ ডিসেম্বর রফিকুল ঢাকায় উচ্চ আদালতে উপস্থিত হয়ে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করেন। গতকাল দুপুরে আবারও রফিকুল জেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাইফুর রহমান সিদ্দিকের আদালতে উপস্থিত হয়ে জামিন চান। কিন্তু শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।