সরাইলে এক গৃহবধূর লাশ হাসপাতালে ফেলে পলায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শ্বশুরবাড়ির লোকজন এক গৃহবধূকে হত্যার পর লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রেখে পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার এ ঘটনা ঘটে। হবিগঞ্জের মাধবপুরে এক নারী ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সরাইলে নিহত গৃহবধূর নাম ইয়াসমিন বেগম (২৮)। তিনি ওই উপজেলার বড্ডাপাড়ার রজন মিয়ার স্ত্রী। মাধবপুর ও আখাউড়ায় নিহত হওয়া ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ সূত্র জানায়, ১২ বছর আগে সরাইল উপজেলা সদরের বড্ডাপাড়া গ্রামের আবদুল হাকিমের ছেলে রজন মিয়ার সঙ্গে সদর উপজেলার মীরহাটি গ্রামের আবদুল আলীর মেয়ে ইয়াসমিন বেগমের বিয়ে হয়। এক বছর আগে ইয়াসমিন মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। এরপর থেকে অধিকাংশ সময় তিনি বাবার বাড়িতেই থাকতেন। গত শনিবার ইয়াসমিনকে রজন ও তাঁর বোন মলিনা বাবার বাড়ি থেকে তাঁদের বাড়িতে নিয়ে যান। গতকাল সকাল ১০টার দিকে পরিবারের লোকজন প্রতিবেশীদের মাধ্যমে খবর পান ইয়াসমিনের লাশ হাসপাতালে রয়েছে।
ইয়াসমিনের ছোট ভাই আলাল মিয়া অভিযোগ করে বলেন, ‘শনিবার রজন মিয়া ও তার বোন মলিনা বেগম আপার চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা দাবি করেছিল। তারাই ইয়াসমিনকে গলা টিপে হত্যা করেছে।’
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান বলেন, ওই গৃহবধূর লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। গৃহবধুর গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
মাধবপুর থানার পুলিশ সুত্রে জানা গেছে, গতকাল সকালে মাধবপুর উপজেলা কমপ্লেক্সের পাশে একটি সবজিখেতে পানি দিতে গিয়ে এক ব্যক্তি একটি ঝুপড়িতে এক নারীর লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী উপসহকারী পরিদর্শক (এসআই) আশীষ কুমার মৈত্র বলেন, ধারণা করা হচ্ছে ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
আখাউড়া উপজেলা সদরের টানপাড়া এলাকার তিতন শাহ মাজারসংলগ্ন এক বাড়ি থেকে বেলা দুইটার দিকে লাশটি উদ্ধার করা হয়। আখাউড়া থানার ওসি মোশাররফ হোসেন তরফদার বলেন, ধারণা করা হচ্ছে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে ওই যুবকের গলা কাটা হয়েছে। পরে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত প্রতিবেদনের পর বিষয়টি সম্পর্কে বিস্তারিত বলা যাবে। ঘটনাস্থল থেকে পুলিশ রাজধানী ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ল্যাবরেটরির একটি ফরম পান।