সরাইলে এক নারী স্বাস্থ্যকর্মী লাঞ্ছিত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক নারী স্বাস্থ্যকর্মীকে লাঞ্ছিত করেছেন এক যুবক। আত্মীয়কে স্যালাইন না দেওয়ার অভিযোগ এনে তাঁকে লাঞ্ছিত করেন সবুজ মিয়া (২০)। গতকাল বুধবার উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী ইউনিয়ন পরিবারকল্যাণ পরিদর্শক দিলরুবা বেগম জানান, সকালে অন্য রোগীদের সঙ্গে এক বৃদ্ধা স্বাস্থ্যকেন্দ্রে এসেই খাওয়ার স্যালাইন চান। কিন্তু স্যালাইন ছিল না। পরে বৃদ্ধা বাড়ি চলে যান। দুপুর ১২টার দিকে উপজেলার শাহজাদাপুর গ্রামের মুলকাছ মিয়ার ছেলে সবুজ স্বাস্থ্যকেন্দ্রে এসে তাঁর ফুফুকে স্যালাইন না দেওয়ার কারণ জানতে চান। দিলরুবা জানান, বর্তমানে ভান্ডারে কোনো স্যালাইন নেই। সবুজ তখন দিলরুবাকে গালাগাল করেন। একপর্যায়ে দিলরুবাকে তিনি থাপড় মারেন।
এ সময় সবুজ বলেন, ‘সরকার কে? সরকার মানি না। এখন থেকে হাসপাতাল বন্ধ থাকবে।’ ঘটনাস্থলে উপস্থিত আজহার মিয়া ও আল-আমীন নামের দুই ব্যক্তি দিলরুবাকে ওই যুবকের কবল থেকে উদ্ধার করেন। এ সময় উদ্ধারকারীদের ওপরও সবুজ ক্ষিপ্ত হন।
দিলরুবা বলেন, ‘এ ঘটনার উপযুক্ত বিচার চাই।’