সরাইলে ওয়াজ মাহফিলে দেওয়া বক্তৃতাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় গত বৃহস্পতিবার রাতে ওয়াজ মাহফিলে দেওয়া বক্তৃতাকে কেন্দ্র করে সুন্নি ও তাবলিগপন্থী দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় ক্লিনিকে তাঁরা প্রাথমিক চিকিৎসা নেন। সংঘর্ষ চলাকালে ওয়াজ মাহফিলের মঞ্চ ও মাইক ভাঙচুর করা হয়। পরে একটি মাদ্রাসা ও পাঁচটি বসতবাড়িতেও ভাঙচুর চালানো হয়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামের রাশেদুল্লাহর বাড়িতে গত বৃহস্পতিবার রাতে সুন্নি মতাবলম্বীরা ওয়াজ মাহফিলের আয়োজন করেন। এতে কামাল উদ্দিন রেজভী, নিয়ামত উল্লাহ ও রেদওয়ান বক্তৃতা করেন। তাঁরা তাবলিগ অনুসারীদের উদ্দেশে কটূক্তি করেছেন বলে অভিযোগ তুলে স্থানীয় তাবলিগ অনুসারী ইসলাম উদ্দিন ফারুকী ও ইজ্জত উল্লাহর নেতৃত্বে অর্ধশতাধিক লোক সেখানে হামলা চালান। সুন্নিরা অভিযোগ করেন, তাবলিগপন্থীরা তাঁদের ওয়াজ মাহফিলের মাইক ও মঞ্চ ভাঙচুর করেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, এর কিছুক্ষণ পর আবদুল ওয়াদুদের নেতৃত্বে পাঁচ শতাধিক সুন্নি অনুসারী নূরপুর আবদুল কাইয়ুম দারুস সুন্নাহ কওমি মাদ্রাসায় হামলা চালান। তাঁরা ইসলাম উদ্দিন ফারুকী ও ইজ্জত উল্লাহসহ তাবলিগ অনুসারীদের পাঁচটি বসতবাড়িতে ভাঙচুর করেন। পরে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুকের নেতৃত্বে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাবলিগ অনুসারী ইসলাম উদ্দিন ফারুকীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সুন্নি অনুসারীদের ওয়াজ মাহফিলে আক্রমণ চালানোর অভিযোগ অস্বীকার করেন। আবদুল ওয়াদুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।এ ঘটনায় গতকাল শুক্রবার নাসিরনগর থানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামিল আহমেদের সভাপতিত্বে এক সালিস বৈঠক হয়। এতে উপজেলা চেয়ারম্যান আহসানুল হক মাস্টার ও ওসিসহ দুই পক্ষের লোকজন উপস্থিত ছিলেন।