সরাইলে কুকুরের কামড়ে ৪ শিশু ও নারী আহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাগলা কুকুরের কামড়ে তিন শিশু ও এক প্রতিবন্ধী নারী গুরুতর আহত হয়েছেন। গত শনিবার বিকেলে উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, শনিবার বিকেলে বিটঘর গ্রামের একাধিক পাগলা কুকুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে হৃদয় মিয়া (৪), মস্তু মিয়ার স্ত্রী প্রতিবন্ধী আমেনা খাতুন (৪০), আবুল কাশেমের ছেলে সালমান মিয়া (৮) ও নাসির মিয়ার মেয়ে মাহমুদা বেগমকে (৪) কামড়ে আহত করে। তাদের মধ্যে হৃদয় মিয়াকে চিকিৎসার জন্য শনিবার রাতে ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পানিশ্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও বিটঘর গ্রামের বাসিন্দা ইজ্জত আলী বলেন, ‘শুধু বিটঘর গ্রামেই দেড-দুই শ বেওয়ারিশ কুকুর রয়েছে। এর মধ্যে অন্তত ১৫-২০টি পাগলা। এখানে বেওয়ারিশ কুকুর নিধনের কোনো ব্যবস্থা নেই। আমি নিজেই সন্ধ্যার পর ঘর থেকে বের হতে ভয় পাই। কারণ, আমি একাধিকবার পাগলা কুকুরের হামলার শিকার হয়েছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এমরান হোসেন বলেন, সমগ্র উপজেলায় বেওয়ারিশ কুকুর নিধনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
গত ফেব্রুয়ারিতে পাগলা কুকুরের কামড়ে বিটঘর গ্রামের ১০-১২ নারী-শিশু আহত হন। তাদের মধ্যে গত ৫ এপ্রিল শরীফা খাতুন (১০) নামের এক শিশু মারা যায়।