সরাইলে খাল দখল করে চলছে ভবন নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সরকারি খাল দখল করে ভবন নির্মাণ করা হচ্ছে। মো. ফরিদ উদ্দিন ও তাঁর ছোট ভাই হারিফ আহমেদ এ ভবন নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া আরও কয়েকজন খাল দখল করেছেন। গ্রামবাসী বলছেন, খাল দখলের কারণে পানি নিষ্কাশন ও সেচসংকট দেখা দিয়েছে। সম্প্রতি সরেজমিনে দেখা যায়, উপজেলা সদরের দক্ষিণ আরিফাইল গ্রামের সরকারি খাল দখল করে ভবন নির্মাণের কাজ চলছে। গ্রামের বাসিন্দা মাসুদ মিয়া বলেন, ‘এই খাল দখলের কারণে এলাকার পানি নিষ্কাশন ও সেচসংকট দেখা দিয়েছে।’ তিনি বলেন, তাঁরা মৌখিকভাবে বাধা দিলেও দখলদারেরা তা শুনছেন না। মো. ফরিদ উদ্দিন বলেন, ‘সরকারি এই খাল এখন আর কোনো কাজে আসছে না। খালের অন্য অংশ গ্রামের লোকজন আগেই দখলে নিয়ে ভরাট করে ফেলেছে।’ সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আনিসুজ্জামান খান বলেন, আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার জেলা থেকে সরকারি আমিন এসে খাল মেপে গেছেন। সোমবার (আজ) তাঁরা এ ব্যাপারে লিখিত প্রতিবেদন দেবেন। এরপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।