সরাইলে গৃহবধূকে পিটিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আসমা বেগম (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের লোকজনের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন আসমাকে পিটিয়ে হত্যা করেছেন। তিন সন্তানের মা আসমা উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা গ্রামের কৃষক কেরামত আলীর মেয়ে। ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন। আসমার মা আফিয়া বেগম অভিযোগ করে বলেন, ১০ বছর আগে একই গ্রামের হামদু মিয়ার ছেলে সোহেল মিয়া ভালোবেসে আসমাকে বিয়ে করেন। সোহেল বর্তমানে মধ্যপ্রাচ্যে রয়েছেন। গত রোববার স্বামীর পরিবারের লোকজন আসমাকে হত্যা করে মুখে বিষ ঢেলে দেন।প্রত্যক্ষদর্শী আসমার মেয়ে আশামনি (৭) বলে, ‘বুবু (দাদি) মারে ফথমে মাইর দিছে, পরে মুখে ছিপা দিয়া বিষ দিছে। বুবুর সাথে দাদাও ছিল।’সরাইল থানার ওসি সুভাষ চন্দ্র সাহা বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই প্রকৃত ঘটনা জানা যাবে।