সরাইলে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে লাইলি আক্তার (২৮) নামের একজন গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত রোববার রাতে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের মনিরবাগ গ্রামে।গৃহবধূর পরিবারের লোকজনের অভিযোগ, লাইলি আক্তারকে পিটিয়ে গুরুতর আহত করে তাঁর মুখে বিষ ঢেলে দেন স্বামী খোকন খান (৩৩) ও তাঁর পরিবারের লোকজন। ঘটনার পর থেকে খোকন খানসহ তাঁর পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছেন।পুলিশ ও পরিবারের লোকজন জানান, ১০ বছর আগে উপজেলার সদর ইউনিয়নের উচালিয়াপাড়া গ্রামের খোরশেদ মিয়ার দ্বিতীয় মেয়ে লাইলি আক্তারের সঙ্গে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের মনিরবাগ গ্রামের আবু সাইদ খানের ছেলে খোকন খানের বিয়ে হয়। তাঁদের ১০ মাসের একটি ছেলেসন্তান রয়েছে। খোকন বিয়ের আগ থেকেই বেকার ছিলেন। লাইলির বাবা খোরশেদ মিয়া (৬৫) ও মা রাশেদা বেগম (৬০) অভিযোগ করে জানান, বিয়ের পর খোকন কোনো কাজে যোগ দেননি। লাইলির মা রাশেদা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘টাকার জন্য গত রোববার সন্ধ্যায় খোকন খান আমার মেয়ে লাইলি আক্তারকে পিটিয়ে গুরুতর আহত করে তার মুখে বিষ ঢেলে দেয়।’ স্বামীর পরিবারের লোকজন লাইলকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। রাত ১০টার দিকে অবস্থার অবনতি হলে লাইলিকে ঢাকায় নেওয়ার পথে সরাইল বিশ্বরোড মোড়ে মারা যান।