সরাইলে গ্রামবাসী-পুলিশ সংঘর্ষ চার পুলিশসহ আহত ১০
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামে গত শুক্রবার পুলিশ ও গ্রামবাসীর সংঘর্ষে চার পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় গতকাল শনিবার পুলিশ বাদী হয়ে শফিকুর রহমান (৩০) নামের এক যুবলীগ নেতাসহ প্রায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা করেছে। দুই নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ ও এলাকাবাসী জানান, ধামাউড়া গ্রামের গাজী ও বারীগোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে গত এক বছরে ওই দুই গোষ্ঠীর চারজন খুন হয়েছেন। সর্বশেষ গত ৩০ ডিসেম্বর প্রতিপক্ষের গুলিতে গাজীগোষ্ঠীর সোয়াদুল মিয়া (৩৫) নামের এক যুবক নিহত হন। পরে বারীগোষ্ঠীর লোকজন গ্রাম ছেড়ে পালিয়ে যান। গত শুক্রবার সকালে বারীগোষ্ঠীর আলী হোসেনের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করতে থাকেন প্রতিপক্ষের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যান। বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে সরে গেলে আলী হোসেনের বাড়িতে ফের তাঁরা হামলা চালান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেলিম মিয়া (৩০) নামের একজনকে আটক করে। এতে ক্ষিপ্ত হয়ে অরুয়াইল ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুর রহমানের নেতৃত্বে গাজীগোষ্ঠীর প্রায় ৩০০ জন লোক দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালান। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও গুলিবিনিময়ের ঘটনা ঘটে। একপর্যায়ে গাজীগোষ্ঠীর লোকজন সেলিমকে ছিনিয়ে নেন। এ সময় চার পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন।