সরাইলে গ্রামবাসীর দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গত রোববার গ্রামবাসীর দুই পক্ষের সংঘর্ষে সোহরাব উল্লাহ ঠাকুর (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সায়েফ উল্লাহ ঠাকুরের ছোট ভাই। পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের বাসিন্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সায়েফ উল্লাহ ঠাকুরের সঙ্গে বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরোধ চলছে। এর জের ধরে গত শনিবার বিকেলে দেওড়া বাজারে সায়েফ উল্লাহর ছোট ভাই সোহরাবের সঙ্গে রফিকুল ইসলামের খালাতো ভাই রুহুল আমিনের (৬০) বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়। পরদিন সকালে রুহুল আমিন কয়েকজনকে সঙ্গে নিয়ে ওই বাজারে গেলে সোহরাব দা নিয়ে তাঁদের ধাওয়া করেন। বিকেলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে সোহরাবসহ অন্তত ১১ জন আহত হন। গুরুতর আহত সোহরাবকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি মারা যান। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সায়েফ উল্লাহ ঠাকুর বাদী হয়ে রোববার রাতেই থানায় একটি হত্যা মামলা করেছেন। বর্তমান ইউপি চেয়ারম্যানের দুই সমর্থক আক্তার মিয়া (৪০) ও সাজিদ উদ্দিনকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে।