সরাইলে গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল রোববার দুই দল গ্রামবাসীর সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। স্থানীয় সিএনজিচালিত অটোরিকশার একটি স্ট্যান্ডের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর গ্রামের অটোরিকশা স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে গত শনিবার বিকেলে গ্রামের চেয়ারম্যানবাড়ির অটোরিকশাচালক রুক্কু মিয়ার সঙ্গে আশরাফবাড়ির চালক লিটন মিয়ার বাগ্বিতণ্ডা হয়। সন্ধ্যার পর আশরাফবাড়ির লোকজন চেয়ারম্যান বাড়িতে হামলা চালায়।
এরই জের ধরে গতকাল দুপুর ১২টার দিকে দুই পক্ষের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দা, বল্লম, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে স্ট্যান্ড এলাকায় জড়ো হন। পরে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদসহ অন্তত ৩০ জন আহত হন। এ সময় স্ট্যান্ড এলাকার অন্তত ১০ থেকে ১২টি দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।