সরাইলে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মো. হাবিবুর রহমান (৪০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। হাবিবুর উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশা গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুর রহমানের ছেলে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কাটানিশা গ্রামের মো. বাবুল মিয়ার (৫০) সঙ্গে চাচাতো ভাই রইছ আলীর (৪৫) বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে গত রোববার বিকেলে গ্রামে সালিস বসে। বাবুল মিয়ার পরিবারের লোকজনের ঔদ্ধত্যপূর্ণ আচরণে সালিস বৈঠক ভেঙে যায়। সন্ধ্যায় রইছ আলী তাঁর ছেলে সোহাগ মিয়া (১৮), ছোট ভাই হাবিবুর রহমান, চাচাতো ভাই বাবুল মিয়া, তাঁর ছোট ভাই মালাই মিয়াসহ (৩০) বেশ কয়েকজন গ্রামের বাজারে গিয়ে সালিস বৈঠক ভেঙে যাওয়া নিয়ে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে মালাই মিয়া লাঠি দিয়ে রইছ আলী, হাবিবুর ও সোহাগকে পেটাতে থাকেন। পরে গ্রামবাসী তাঁদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে হাবিবুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। গতকাল সোমবার গ্রামে গিয়ে দেখা যায়, মালাই মিয়া ও তাঁর ছয় ভাইয়ের পরিবারের সদস্যরা গা ঢাকা দিয়েছেন। পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাবিবুর রহমানের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের স্ত্রী রাবেয়া বেগম (৩৫) মালাই মিয়াকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।