সরাইলে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট বছর পর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন ছাত্রদল নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে উপজেলা সদরে নাজমুল আলম খন্দকার ও জহির উদ্দিনের পক্ষের নেতা-কর্মীদের মধ্যে এ সংঘর্ষ বাধে। আহত ব্যক্তিদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ, দলীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আট বছর পর গত বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল সৈয়দ ইসমাইল মিয়াকে সভাপতি ও মো. আবদুল জব্বারকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের সরাইল উপজেলা ছাত্রদলের একটি আংশিক কমিটি ঘোষণা করেন। গতকাল সকালে উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি নাজমুল আলম খন্দকার, সৈয়দ ইসমাইল ও আবদুল জব্বারের নেতৃত্বে দুই শতাধিক নেতা-কর্মী উপজেলা সদরে আনন্দ মিছিল বের করেন। সকাল সাড়ে ১০টার দিকে ওই মিছিলে সদ্য সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন ও আরিফুর রহমানের নেতৃত্বে বেশ কিছু নেতা-কর্মী লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এর জের ধরে কিছুক্ষণের মধ্যে উভয় পক্ষের নেতা-কর্মীরা দা, বল্লম, ইটপাটকেল ও লাটিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি শান্ত করে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে নান্নু মিয়া (১৬), ফজলু ঠাকুর (১৬), মনির মিয়া (১৮), শামিম মিয়া (১৬), গাজী শরিফ উল্লাহ (২৬) ও মিন্টু মিয়াকে (৩০) স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।এর প্রতিবাদে বেলা সাড়ে ১১টার দিকে নাজমুল আলম খন্দকার, সৈয়দ ইসমাইল মিয়া ও মো. আবদুল জব্বারের নেতৃত্বে চার শতাধিক নেতা-কর্মী উপজেলা সদরের বৈকাল বাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তাঁরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুর রহমানের বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং সরাইলে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করেন। দুপুর ১২টার দিকে জহির উদ্দিন ও আরিফুর রহমানের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী উপজেলা সদরের উচালিয়াপাড়া মোড়ে সমাবেশ করেন। সমাবেশে তাঁরা সাবেক প্রতিমন্ত্রী ও সরাইল উপজেলা বিএনপির আহ্বায়ক উকিল আবদুস সাত্তার ভূঁইয়াকে সরাইলে অবাঞ্ছিত ঘোষণা করে তাঁর কুশপুত্তলিকা দাহ করেন। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে কোনো পক্ষই মামলা করেনি।