সরাইলে ছেলের হাতে বাবা খুনের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছেলের হাতে বাবা খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাঁর নাম মাজু মিয়া (৫৫)। আজ সোমবার বেলা তিনটার দিকে উপজেলা সদরের প্রাতবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদরের সৈয়দটুলা গ্রামের মাজু মিয়া দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। বছর তিনেক আগে দেশে ফিরে তিনি উপজেলা সদরের প্রাতবাজার এলাকায় দোতলা ভবন নির্মাণ করে সেখানে বাস করছিলেন।
দুই বছর আগে মাজু দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে প্রথম স্ত্রী ও তাঁর সন্তানদের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। এরই পরিপ্রেক্ষিতে এক বছর ধরে তিনি নিজ গ্রামের বাড়ি সৈয়দটুলায় বাস করছিলেন।
এদিকে কয়েক দিন ধরে মাজুর প্রাতবাজারের ভবনের নিচে (আন্ডারগ্রাউন্ড) প্রথম স্ত্রীর বড় ছেলে জাহাঙ্গীর মিয়া খাবার হোটেল খোলার প্রস্তুতি নিচ্ছিলেন। আজ সকাল থেকে সেখানে বৈদ্যুতিক তার সংযোগের কাজ চলছিল। দুপুর ১২টার দিকে ওই কাজ দেখানোর জন্য জাহাঙ্গীর তাঁর বাবাকে প্রাতবাজারের বাড়িতে নিয়ে যান। বেলা তিনটার দিকে ভবনের কাজ নিয়ে মাজুর সঙ্গে তাঁর ছেলে জাহাঙ্গীর ও প্রথম স্ত্রী আনু বেগমের (৫০) মতবিরোধ তৈরি হয়। এরই জের ধরে জাহাঙ্গীর দা দিয়ে মাজুকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ পুলিশের জিম্মায় আছে। ছেলেকে আটকের চেষ্টা চলছে।