সরাইলে ছয় চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছয় চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিনা অনুমতিতে অনুপস্থিত থাকায় এবং যথাসময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়ায় গত রোববার বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাঁদের ওই নোটিশ দেন।
নোটিশপ্রাপ্ত ছয় চিকিৎসক হলেন নাসির উদ্দিন, মুহিবুর রহমান, ফাহমিদা আলফাজ, সৈয়দ আমেনা খায়ের, নাফিসা আলম ও কাজী শাহরিয়ার বিন আজহার।
সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, অসুস্থতার জন্য গত শনিবার কর্মস্থলে অনুপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও)। ওই দিনই ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ১৮ চিকিৎসকের মধ্যে দুজন কর্মস্থলে আসেননি। চারজন কর্মস্থলে উপস্থিত হন বেলা ১১টার পর। এ কারণে রোববার বিকেলে ইউএইচও হাসিনা আখতার বেগম স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশ ওই ছয় চিকিৎসকের কাছে পৌঁছে দেওয়া হয়।
ইউএইচও হাসিনা আখতার বেগম ছয় চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘নোটিশে তাঁদের আগামী তিন কার্যদিবসের মধ্যে কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকা ও যথাসময়ে উপস্থিত না হওয়ার কারণ ব্যাখ্যা দিতে বলা হয়েছে।’