সরাইলে ছয় ডাকাতকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর এলাকায় শনিবার দিবাগত রাতে মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার অভিযোগে ছয় ব্যক্তিকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত দুইটার দিকে আন্তজেলা ডাকাত দলের নেতা পানিশ্বরের বোরহানউদ্দিনের নেতৃত্বে একদল ডাকাত মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা সংঘবদ্ধ হয়ে তাদের ধাওয়া করে। একপর্যায়ে জনতা ছয় ডাকাতকে আটক করে ফেলে। এরপর বিক্ষুব্ধ জনতা তাদের পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, গ্রেপ্তার হওয়া ডাকাতদের গতকাল রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া ডাকাতেরা হলো: পানিশ্বর গ্রামের সৈয়দ হোসেন (২৮), জাকির হোসেন (২৬) ও মিলন মিয়া (২৮); নরসিংদীর বেলাব উপজেলার ইব্রাহিমপুর গ্রামের কবির হোসেন (৩২) ও সাদ্দাম হোসেন (২৮) এবং আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামের জসিম মিয়া (২৮)। তারা নিজেদের আন্তজেলা ডাকাত দলের সদস্য বলে স্বীকার করেছে।পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে ভৈরব, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ, আশুগঞ্জ ও সরাইল থানায় একাধিক মামলা রয়েছে। তারা ডাকাত বোরহানের নেতৃত্বে মেঘনায় নৌপথে নিয়মিত ডাকাতি করে আসছিল।