সরাইলে জমি রক্ষার দাবিতে কৃষকের বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর মৌজায় তিতাস নদ থেকে বালু তোলার নামে কৃষিজমি থেকে বালু তোলার প্রতিবাদে ও জমি রক্ষার দাবিতে ধীতপুর গ্রামের কয়েক শ কৃষক গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদে বিক্ষোভ মিছিল করেছেন। তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে জমি রক্ষার জন্য আবেদন করেছেন।
উপজেলা প্রশাসন ও গ্রামবাসী সূত্র জানায়, চার বছর ধরে শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর এলাকায় তিতাস নদের বালুমহাল সরকার থেকে একসনা বন্দোবস্ত নিচ্ছে একটি মহল। তারা বর্ষার শুরু থেকে শেষ পর্যন্ত বালু তোলার নামে ড্রেজার দিয়ে নির্বিচারে কৃষিজমির মাটি কেটে নিচ্ছে। বর্ষা শেষে কৃষিজমি হয়ে যাচ্ছে নদীর অংশ। এভাবে ইতিমধ্যে ধীতপুর এলাকার তিন শতাধিক কানি (৩০ শতাংশে এক কানি) কৃষিজমি নদীতে বিলীন হয়ে গেছে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে এলাকার কৃষকেরা একাধিকবার প্রশাসনের কাছে লিখিত আবেদন করেও কোনো ফল পাননি। তাই গতকাল বেলা দুইটার দিকে কয়েক শ কৃষক ইউএনওর কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে বালু তোলার নামে কৃষিজমি ধ্বংস করা বন্ধের দাবি জানান।
পরে তাঁরা ইউএনও মোহাম্মদ এমরান হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. শের আলম মিয়া ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কৃষকেরা অভিযোগ করেন, তাঁদের তিন ফসলি জমি নষ্ট করা হচ্ছে। বাধা দিলে প্রভাবশালী ইজারাদার তাঁদের নানাভাবে হুমকি দেন। এমনকি ডাকাতি মামলা দায়ের করে পুলিশ দিয়ে হয়রানি করেন।
ক্ষতিগ্রস্ত কৃষক রতন চন্দ্র দাস কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমাদের সব শেষ হইয়া যাইতেছে। বালু তোলার নামে আমাদের ভাত কাইড়া নিচ্ছে। আমরা বাঁচতে চাই।’ লিটন চন্দ্র দাস বলেন, ‘তিন বছর ধইরা আমরা বালু তোলা বন্ধের দাবি কইরা আইছি। আমরা নিরীহ, তাই আমাদের দাবি কেউ মানছে না। এইবার দাবি না মানলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করুম।’
ধীতপুর বালুমহাল ইজারাদার মহিউদ্দিন সরকারের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
ইউএনও মোহাম্মদ এমরান হোসেন বলেন, বালুমহালের এলাকা চিহ্নিত করা আছে। ইজারাদার যদি চিহ্নিত এলাকার বাইরে যান বা তাঁরা যদি জনগণের ক্ষতি করেন, তাহলে অবশ্যই এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।